সামিরা খান মাহি
সামিরা খান মাহি

উচ্ছ্বাস আর নার্ভাসনেস নিয়ে পুয়ের্তো রিকো উড়ে গেলেন মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। বাংলাদেশের হয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত আসরে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গত রোববার রাতে পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা করেছেন। মাহির আরও খবর জানাচ্ছেন মনজুর কাদের

৭৫–এ পা দিচ্ছে এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতা। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে হবে চূড়ান্ত পর্ব। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সামিরা খান। পাশাপাশি কিছুটা উদ্বেগও কাজ করছে। কারণ, প্রস্তুতির জন্য সময় পেয়েছেন খুব কম। ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর মাত্র কয়েক দিনের প্রস্তুতি নিয়ে গতকাল রোববার রাতে এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি।

মিথিলার সাহচর্যে
মাহির জীবনে অনুপ্রেরণার মানুষদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছেন তানজিয়া জামান মিথিলা। কয়েক বছর ধরে তাঁদের বন্ধুত্ব। বয়সে বড় হলেও সম্পর্কটা কেবল বন্ধুত্বে আটকে নেই। ব্যক্তিগত পছন্দ, পোশাক, স্টাইল থেকে শুরু করে নানা বিষয়ে মিথিলার কাছ থেকে পরামর্শ পান মাহি, ‘আমার আদর্শ যদি বলি, তিনি মিথিলা আপু। স্টাইল থেকে শুরু করে আমার সবকিছু যেভাবে গাইড করেন, এটা একমাত্র আপন বড় বোনই করতে পারেন। তিনি আমার বোন ও বন্ধুও।’

মিস ইউনিভার্সের প্রস্তুতির সময় এ সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, গত বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মিথিলা। সেই অভিজ্ঞতা দিয়ে পাশে দাঁড়িয়েছেন মিথিলা। ‘পাঁচ দিন ধরে আমাকে সার্বক্ষণিকভাবে দেখভাল করছেন তিনি। আমার কস্টিউম, স্টাইলিং—সবকিছুতে সহযোগিতা করছেন। আমি খুবই ভাগ্যবান, তাঁর মতো একজন বড় বোন ও বন্ধুকে পাশে পেয়েছি। মিস ইউনিভার্সে অংশ নিয়ে অনেক কৌশল তিনি শিখেছেন। আমার হয়তো আগে এ আয়োজনে যাওয়ার অভিজ্ঞতা হয়নি, কিন্তু আপুর কাছ থেকে যা শিখেছি, তা সারা জীবনের অভিজ্ঞতার মতো। মিথিলা আপু আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবেন,’ বলেন মাহি।

সামিরা খান মাহি

দেশের পরিচয় তুলে ধরতে চান
মিস ইউনিভার্স মঞ্চে এর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলা। এবার যাচ্ছেন মাহি। এ অর্জনকে কেবল সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে দেখছেন না তিনি; বরং বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ হিসেবে বিবেচনা করছেন।

মাহি বলেন, ‘আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ, জীবনে প্রথমবার এমন একটা সুযোগ পেয়েছি, যেখানে আমি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরব। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষকে তুলে ধরতে চাই। অভিনয়শিল্পী হিসেবে দেশের মানুষ আমাকে অনেক সমর্থন করেছেন; কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা হয়নি। এটা আমার প্রথম আন্তর্জাতিক যাত্রা। অনেক উচ্ছ্বসিত, একই সঙ্গে নার্ভাস। একটা দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা এত সহজ নয়, খুবই কঠিন।’

সামিরা খান মাহি

পরিচয় বদলের গল্প
তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয় মাহি। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, মা গৃহিণী। সিলেট শহরের আম্বরখানায় বেড়ে ওঠা। সেখানেই স্কুল, কলেজে পড়াশোনা। পরিবারের কারও সঙ্গে বিনোদন অঙ্গনের যোগাযোগ ছিল না। ছোটবেলায় নিজেও ভাবেননি, এই জগতে কাজ করবেন। ২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় নাম বদলে অংশ নিয়েছিলেন, ‘আমি চাইনি পরিবারের কেউ জানুক, মডেলিং প্রতিযোগিতায় নাম লিখিয়েছি। তখন ফারজানা ইয়াসমিন কলির বদলে সামিরা নামে রেজিস্ট্রেশন করি। আমার ডাকনাম ছিল মাহি। পরে ডাকনাম ও ছদ্মনাম মিলিয়ে সামিরা খান মাহি হয়ে ওঠে আমার পরিচয়।’

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার সুবাদে মডেলিংয়ে পরিচিতি পান। এরপর র‍্যাম্প, ফ্যাশন শো, বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে কাজের সুযোগ আসে। ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন এবং মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটার অভিজ্ঞতা তাঁকে ধীরে ধীরে তৈরি করে।

অসুস্থতা থেকে ঘুরে দাঁড়ানো
মডেলিংয়ের পর অভিনয়ে আসার পরিকল্পনা শুরুতে মাহির ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে অসুস্থতার কারণে প্রায় তিন বছর কাজ থেকে দূরে থাকতে হয় তাঁকে। দীর্ঘ এই বিরতি পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করলেও হাল ছাড়েননি। করোনা মহামারির সময় অভিনয় নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। নিজেকে তৈরি করেন, শেখার চেষ্টা করেন। ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন।

সামিরা খান মাহি

এরপর দ্রুত বাড়তে থাকে কাজের ব্যস্ততা। একপর্যায়ে ছয় মাসে ৩০টির বেশি নাটকে অভিনয় করেন। গার্লস স্কোয়াড তাঁর অভিনয়জীবনের উল্লেখযোগ্য বাঁক। এই কাজের মাধ্যমে দর্শকের কাছে নতুন করে পরিচিতি পান। পরে হাঙরসহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন। ২০২৫ সাল পর্যন্ত তাঁর অভিনীত নাটকের সংখ্যা ১২০টির বেশি।

বিনোদন অঙ্গনে সব মিলিয়ে এক যুগের পথচলা। সেই যাত্রায় এবার যুক্ত হলো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ।