অভিনেতা আজিজের অবস্থা সংকটাপন্ন

অভিনেতা আবদুল আজিজ। ছবি: সংগৃহীত
অভিনেতা আবদুল আজিজ। ছবি: সংগৃহীত

গতকাল রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও নির্দেশক আবদুল আজিজ। তিনি বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের (বারডেম) সিসিইউতে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় এই অভিনেতাকে প্রথমে কাকরাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থা বেশ শঙ্কার হওয়ায় দ্রুত ঢাকার বারডেমে ভর্তি স্থানান্তর করা হয়। অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানালেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

অভিনেতা আবদুল আজিজ। ছবি: সংগৃহীত

নাসিম বলেন, ‘গতকাল আজিজ ভাই শিল্পকলা মাঠে আড্ডা দিচ্ছিলেন। সেখানে প্রায়ই সময় কাটান। এর মধ্যে হঠাৎ তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়। বারডেম হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা জানান, ভাইয়ের হার্টে গুরুতর অ্যাটাক হয়েছে। একই সঙ্গে ফুসফুসে পানি জমেছে। এখন জরুরিভাবে এনজিওগ্রাম করতে হবে। ফুসফুসের পানি জমার জন্যও আলাদা চিকিৎসা করা হবে।’

অভিনেতা আবদুল আজিজ। ছবি: সংগৃহীত

নাসিম আরও বলেন, ‘এর আগে আজিজ ভাইয়ের ফুসফুসে পানি জমেছিল। তখন অপারেশন করা হয়েছিল। মাঝেমধ্যেই কিছুটা শারীরিক সমস্যা দেখা দিত। এখন বয়সও কিছুটা বেশি। সব মিলিয়ে এবারের অবস্থা একটু খারাপ। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আমরা সংগঠন থেকে শিগগির তাঁর এনজিওগ্রাম করানোর জন্য আজিজ ভাইয়ের পরিবারের সঙ্গে সব সময় যোগাযোগ করছি। আমরা চেষ্টা করছি বারডেম থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে ভর্তি করাতে।’

অভিনেতা আবদুল আজিজ। ছবি: সংগৃহীত

অভিনেতার মিডিয়ায় পথচলা শুরু হয় বেতারনাটক দিয়ে। ১৯৬৪ সালে তিনি বেতারনাটকে নায়কের চরিত্রে অভিনয় করতেন। রেডিও নাটকেই তিনি খ্যাতি পান। স্বাধীনতাপরবর্তী সময়ে তিনি সিনেমায় নিয়মিত হন। তার পর থেকে সমানতালে মঞ্চ, রেডিও, সিনেমায় অভিনয় করে গিয়েছেন। দীর্ঘ ৬ দশকের ক্যারিয়ারে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বেতারনাটকের সংখ্যা হাজার ছাড়িয়ে। নাটক সিনেমায় তাঁকে নিয়মিত দেখা না গেলেও নিয়মিত ইত্যাদিতে দেখা যায়। এর আগে ফুসফুসে অপারেশনের পর তিনি অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছেন।