প্রথম রানারআপ মেহজাবিন মোবাশ্বেরা, চ্যাম্পিয়ন সোহাগ নূরী ও দ্বিতীয় রানারআপ এনামুল হক
প্রথম রানারআপ মেহজাবিন মোবাশ্বেরা,  চ্যাম্পিয়ন সোহাগ নূরী ও দ্বিতীয় রানারআপ এনামুল হক

চ্যাম্পিয়ন গাজীপুরের সোহাগ নূরী

দেশে বাউলগানের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’–এর গ্র্যান্ড ফিনালে হয়ে গেল গত শুক্রবার। সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সাভারের আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গাজীপুরের সোহাগ নূরী। প্রথম রানারআপ হন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা আর দ্বিতীয় রানারআপ নওগাঁর এনামুল হক। চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার যথাক্রমে চতুর্থ ও পঞ্চম হন।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন সোহাগ নূরী পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। প্রথম ও দ্বিতীয় রানারআপ পেয়েছেন যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকা। বাকি দুই ফাইনালিস্টকে দেওয়া হয় ৫০ হাজার টাকা করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিচারক বাউল শফি মণ্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী অজয় কুমার কুণ্ডু।

মালিক মোহাম্মদ সাঈদ বলেন, ‘বাংলাদেশের লোকসংগীতের বৈচিত্র্য ও গভীরতা এতটাই যে শত বছর আগের গানও আজ প্রাসঙ্গিক। এই ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ও সংরক্ষণের প্রয়াসে যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
শুরুতে থিম সং পরিবেশনার পর একে একে সেরা পাঁচ প্রতিযোগী শোনান লোকসংগীত। গ্র্যান্ড ফিনালের আবেগঘন মুহূর্ত ছিল লালনকন্যা ফরিদা পারভীনের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন। প্রতিযোগীদের পরিবেশনার পাশাপাশি বিচারক শফি মণ্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়ার সম্মিলিত পরিবেশনা ‘তিন পাগলের মেলা’ দর্শকদের মুগ্ধ করে।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন সোহাগ নূরী পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। প্রথম ও দ্বিতীয় রানারআপ পেয়েছেন যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকা

ম্যাজিক বাউলিয়ানা ২০২৫–এর ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার ছিল মিডিয়াকম লিমিটেড। বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের বিশুদ্ধতা রক্ষা, জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সুরের ধারাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ২০১৩ সালে যাত্রা শুরু করে ম্যাজিক বাউলিয়ানা।