
কুমিরের ভয়ে পানিতে নামতে পারছিল না জিমি।
স্থানীয় এক লোক নিশ্চয়তা দিল, ‘পানিতে কুমির নেই।’
লোকটার কথা শুনে নিশ্চিন্তে সাঁতার কাটতে শুরু করল জিমি। সাঁতরাতে সাঁতরাতে স্থানীয় লোকটিকে বলল, ‘গত বছরও তো এখানে প্রচুর কুমির ছিল। তাড়ালেন কীভাবে?’
স্থানীয় লোকটি জবাব দিল, ‘আমরা তাড়াইনি। যা করার, হাঙরগুলোই করেছে!’
ট্রেনের দুই সহযাত্রীর মধ্যে কথা হচ্ছে।
প্রথম যাত্রী বললেন, ‘আপনার গলায় ঝুলিয়ে রাখা ওই বাইনোকুলারটা দিয়ে তো একবারও দূরের কোনো দৃশ্য দেখলেন না। তাহলে ওটা সঙ্গে আনলেন কেন?’
দ্বিতীয় যাত্রী বললেন, ‘আহ্! এটা দূরের দৃশ্য দেখার জন্য আনিনি। ছুটি কাটাতে যার বাড়ি যাচ্ছি, তাকে দেখার জন্য এনেছি।’
প্রথম যাত্রী অবাক, ‘কেন?’
দ্বিতীয় যাত্রী বললেন, ‘কারণ, তিনি আমার দূরসম্পর্কের আত্মীয়!’
তিন বন্ধু ছুটি কাটাতে যাওয়ার সময় প্লেন ক্র্যাশ করল। ভাগ্যের জোরে বেঁচে গেল তিনজনই। নিজেদের আবিষ্কার করল একটা অচেনা সৈকতে।
তিন বন্ধু ঠিক করল, বিয়ার গ্রিলসের মতো কঠিন এই পরিবেশেও তারা টিকে থাকবে। হেরে যাবে না। গাছের লতাপাতা, পোকামাকড়, সমুদ্রের নোনাপানি খেয়ে কাটতে লাগল দিন।
পাশেই পাঁচতারকা হোটেলের বারান্দায় দাঁড়িয়ে তিন বন্ধুর কাণ্ড দেখছিলেন পর্যটকেরা।
হাবু–লাবু ছেলেবেলার গল্প করছিল।
হাবু বলল, ‘জানিস, ছোটবেলায় না একবার আমি ২০ তলার ওপর থেকে পড়ে গিয়েছিলাম!’
লাবু বিস্মিত, ‘তাই নাকি! তা সে সময় তুই বেঁচে ছিলি না মরে গিয়েছিলি?’
হাবু বলল, ‘আরে, তুই তো দেখছি আস্ত বোকা! অত পুরোনো ঘটনা কি কারও মনে থাকে?’