ইতিহাসের এই দিনে

ওয়েস্টমিনস্টার অ্যাবের উদ্বোধন

ওয়েস্টমিনস্টার অ্যাবে
ছবি: উইকিমিডিয়া কমনস

যুক্তরাজ্যের সবচেয়ে অভিজাত গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবে। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ধর্মীয় ভবনগুলোর মধ্যেও একটি। গির্জাটি এক হাজার বছরের বেশি সময় ধরে ব্রিটিশ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত ওয়েস্টমিনস্টার অ্যাবে ব্রিটিশ রাজপরিবারের নিয়ন্ত্রণাধীন। এটি প্রাচীন নির্মাণশৈলীতে সমৃদ্ধ ও অনন্য কারুকাজখচিত। ১৯৮৭ সালে ওয়েস্টমিনস্টার অ্যাবে, সেন্ট মার্গারেট চার্চ ও ব্রিটিশ পার্লামেন্ট হাউসগুলোকে সম্মিলিতভাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

কিংবদন্তি অনুযায়ী, অলড্রিচ নামের এক জেলে টেমস নদীর তীরে যিশুর অন্যতম প্রধান শিষ্য সেন্ট পিটারকে দেখতে পান। তার পর থেকে থর্নি নামে পরিচিত টেমস নদীর ছোট দ্বীপে ধর্মীয় কার্যকলাপ শুরু হতে থাকে। এই দ্বীপে বেনেডিক্টাইন সাধুদের একটি ছোট সম্প্রদায় ছিল। তারা ৯৬০ সাল বা এর কাছাকাছি সময়ে এই স্থানে গির্জাটির নির্মাণকাজ শুরু করে। ১০৬৫ সালের ২৮ ডিসেম্বর গির্জাটি ‘পবিত্রকরণ’ করা হয়, অর্থাৎ ঈশ্বরের সেবার জন্য উদ্বোধন করা হয়। এর পরের বছর থেকে গির্জাটি ব্রিটিশ রাজপরিবারের আনুষ্ঠানিক উপাসনালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। লন্ডনে ‘সেন্ট পলস ক্যাথেড্রাল’ বা ‘ইস্টমিনস্টার’ নামের আরেকটি উল্লেখযোগ্য গির্জা থাকায় নতুন গির্জাটি ‘সেন্ট পিটার্স ক্যাথেড্রাল’ বা ‘ওয়েস্টমিনস্টার’ নামে পরিচিত হয়ে উঠে।

১০৪০ সালে রাজা প্রথম এডওয়ার্ড নির্মাণাধীন ওয়েস্টমিনস্টার অ্যাবের কাছাকাছি তাঁর রাজপ্রাসাদ নির্মাণ করেন। তিনি তাঁর সমাধির জন্য একটি বৃহত্তর গির্জা নির্মাণ করতে চেয়েছিলেন। যদিও রাজা প্রথম এডওয়ার্ড অসুস্থ থাকায় উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। গির্জাটি উদ্বোধনের এক সপ্তাহ পর তিনি মারা গেলে তাঁকে গির্জায় সমাহিত করা হয়। ৯ বছর পর রানি এডিথ মারা গেলে তাঁকেও রাজা এডওয়ার্ডের সমাধির পাশে সমাহিত করা হয়।

১২৪৫ সালে রাজা তৃতীয় হেনরি গির্জাটি পুনর্নির্মাণ করেন। গির্জাটির নির্মাণশৈলীতে ফরাসি গথ জাতিদের প্রভাব লক্ষ করা যায়। মূল কাঠামোর সঙ্গে ১৫১৬ সালে একটি ‘চ্যাপেল’ বা উপাসনার স্থান নির্মাণ করা হয়, যাকে কুমারী মেরির নামানুসারে ‘লেডি চ্যাপেল’ নামে ডাকা হয়। ১৫৬০ সালে রানি প্রথম এলিজাবেথ গির্জাটিকে রাজকীয় মর্যাদা দেন। এর মধ্য দিয়ে গির্জাটি চার্চ অব ইংল্যান্ডের কোনো ডায়োসিসের নিয়ন্ত্রেণের বাইরে চলে যায় এবং শাসক রাজার নিয়ন্ত্রণাধীন হয়। তখন থেকে গির্জাটির দাপ্তরিক নাম হয় ‘কলেজিয়েট চার্চ অব সেন্ট পিটার, ওয়েস্টমিনস্টার’।

১৯১৪ সালে ‘উইমেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন’ নামের একটি সংগঠনের সদস্যরা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অগ্নিসংযোগ করে এবং বোমা হামলা চালান। ১৯১২ থেকে ১৯১৪ সালের মধ্যে দেশব্যাপী নারীদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে এই হামলা করা হয়। সংগঠনের সদস্যরা বিশ্বাস করত, ইংল্যান্ডের চার্চগুলো তাঁদের ভোটাধিকার অর্জনের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই হামলায় অনেক ঐতিহাসিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লন্ডনে বোমা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গির্জাটি। বিশ্বযুদ্ধের পর গির্জাটির সংস্কার করা হয়।

ইংল্যান্ডের প্রায় সব রাজার রাজ্যাভিষেক ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ১৯৫৩ সালে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ৬ মে বর্তমান রাজা চার্লসের অভিষেকও এখানে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানা ও এ বছর রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। রাজপরিবারের সদস্য ছাড়া অসংখ্য বিজ্ঞানী, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সৈনিক ও রাজনীতিবিদ এখানে চিরনিদ্রায় শায়িত আছেন।

গির্জাটি রাজাদের রাজ্যাভিষেক ও বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল ছাড়াও অনেক রাজকীয় বিয়ের জন্য বিখ্যাত। ১১০০ সালে রাজা প্রথম হেনরি, ১৯৮১ সালে বর্তমান রাজা চার্লস ও ডায়ানা এবং ২০১১ সালে প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিন মিডলটনের রাজকীয় বিয়ে এ গির্জায় অনুষ্ঠিত হয়েছিল।

ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। প্রতি রোববারের পাশাপাশি ধর্মীয় ছুটির দিন গির্জায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাংলাদেশের জাতীয় দিবসে রেওয়াজ অনুযায়ী এখানে বিশেষ প্রার্থনা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।