
২০১০ সালের আগস্ট মাসের প্রথম দিকের কথা। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরে একটা খনি ধসে পড়ে। এতে আটকা পড়েন ৩৩ জন শ্রমিক। এর ৬৯ দিন পর, ১৩ অক্টোবর, প্রায় ৭০০ মিটার গভীরে আটকে পড়া শ্রমিকদের জীবিত উদ্ধারের মধ্য দিয়ে শেষ হয় এক রুদ্ধশ্বাস অভিযানের।
২০১০ সালের ৫ আগস্ট দুপুরে চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত সান হোসো নামে সোনা ও তামার খনিটি ধসে পড়ে। শুরু হয় শ্রমিকদের অগ্নিপরীক্ষা। শ্রমিকদের কাছে থাকা অল্প কিছু খাবার শেষ হয়ে গেলে তাঁদের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে থাকে। খনির ভেতরে জমে থাকা পানি ও খননযন্ত্রের রেডিয়েটরের পানি খেয়ে তাঁরা টিকে থাকেন কোনোরকমে। অন্ধকার খনির ভেতর বন্দী হয়ে অনেকে অনিশ্চয়তায় আত্মহত্যার চিন্তাও করেন।
কঠিন পরিস্থিতিতে তাঁদের সংগঠিত করে মনোবল অটুট রাখার মূল দায়িত্ব পালন করেন লুই উরজুয়া নামের এক শ্রমিক। উদ্ধার পাওয়ার পর তিনি বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি সেখান থেকে বেরিয়ে আসার। কিন্তু আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়। ১৭ দিন পর্যন্ত জানতামই না আমাদের কেউ খুঁজে বের করার চেষ্টা করছে। তারপর একদিন হঠাৎ আমরা মাটি খোঁড়ার শব্দ শুনতে পাই।’
শ্রমিকেরা আটকে পড়ার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। একটা স্থানীয় উদ্ধারকারী দল সে রাতে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। এর দুই দিন পর চিলির রাষ্ট্রীয় মালিকানাধীন মাইনিং কোম্পানি উদ্ধার তৎপরতা চালালে সেটিও ব্যর্থ হয়। এত নিচে গিয়ে উদ্ধার তৎপরতা চালানোর মতো প্রযুক্তি চিলি সরকারের ছিল না। তখন ব্যাপক উদ্ধার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র ও কানাডার বিশেষজ্ঞ দল।
উদ্ধার পরিকল্পনার পাশাপাশি শ্রমিকদের কাছে বিশুদ্ধ পানি ও খাবার পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়। তাই শুরুতে খনন করা হয় একটা ছোট অনুসন্ধানমূলক গর্ত। এই গর্তের ভেতর দিয়ে পাঠানো হয় ক্ষুদ্র ক্যামেরা।
তখন শ্রমিকেরা বার্তা পাঠান যে তাঁরা সবাই ভালো আছেন। এরপর এই গর্তের মধ্য দিয়ে পাঠানো হয় খাবার, পানি, স্বজনদের চিঠিপত্র ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ।
এর পাশাপাশি শুরু হয় ইতিহাসের এক জটিল ও কঠিন উদ্ধারপ্রক্রিয়া। প্রায় দুই মাসের প্রচেষ্টা শেষে শ্রমিকদের কাছে পৌঁছানো হয় ক্যাপসুল লিফট ‘ফিনিক্স’। ১৩ অক্টোবর প্রথম প্রহরে লিফটের সাহায্যে একে একে সবাইকে বের করে আনা হয়। লুই উরজুয়াকে উদ্ধারের মধ্য দিয়ে শ্রমিকদের উদ্ধার কাজ শেষ হয়। সবশেষে বেরিয়ে আসেন উদ্ধারকর্মীদের দলনেতা ম্যানুয়েল গঞ্জালেস, শ্রমিকদের উদ্ধারের জন্য যিনি সবার আগে লিফটের মাধ্যমে সুড়ঙ্গের ভেতরে নেমেছিলেন।
মাটির নিচে সবচেয়ে বেশি দিন আটকে থাকার রেকর্ড করা শ্রমিকেরা যখন বের হয়ে আসছিলেন, তখন বাইরে অপেক্ষায় ছিলের চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা। আতাকামা মরুভূমিতে তাঁবু ফেলে দীর্ঘদিন অপেক্ষায় থাকা শ্রমিকদের স্বজনেরা তো ছিলেনই, সারা বিশ্বের অসংখ্য মানুষ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা সে দৃশ্য দেখেছে।