বীরবল কোনো কল্পিত নয়, ঐতিহাসিক চরিত্র। সম্রাট আকবর ও বীরবল ছিলেন হরিহর আত্মা। আবার কোনো কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে যে কখনো মনোমালিন্য হয়নি, এমন নয়। হয়েছে। কিন্তু সে শুধু সাময়িকসময়ের জন্য। কারণ, রাজকাজ পরিচালনায় সম্রাট আকবরের কাছে বীরবল ছিলেন এক অনিবার্য মন্ত্রণাদাতা।
গ্রীষ্মের এক দিন। বাদশাহ আকবর বীরবলকে যমুনায় নিয়ে গেলেন স্নানের জন্য। আগে থেকেই তিনি সভাসদদের শিখিয়ে দিয়েছিলেন তাঁদের কী করতে হবে।
প্রত্যেক সভাসদ স্নান করে পানি থেকে উঠে এসে একটা করে ডিম তুলে ধরলেন। তাঁরা সগর্বে ঘোষণা করলেন, ওই ডিমগুলো ডুব দিয়ে জলের তলদেশে জলদেবীর ঘর থেকে আনা হয়েছে।
বাদশাহ নিজেও ওই একই কাজ করলেন। তারপর সবাই আবার পানিতে নেমে দাপাদাপি করতে করতে চিৎকার শুরু করলেন। বীরবলকে লক্ষ করে বিদ্রূপধ্বনি দিতে লাগলেন। অযথা তাঁরা বীরবলের দিকে পানিও ছিটাতে লাগলেন।
এসব দেখে বীরবল কী করলেন? জলের মধ্যে ডুব দিয়ে অল্পক্ষণের মধ্যে বীরবল মাঝনদীতে ভেসে উঠলেন। মোরগের গলা নকল করে চিৎকার করে উঠলেন, ‘কোঁকর কোঁ কোঁকর কোঁ!’
কী বোঝালেন বীরবল?
বাদশাহ আর তাঁর সভাসদেরা ডিম এনেছেন। বীরবল বোঝালেন, নিশ্চয়ই তাঁরা মুরগি। নিজে ডাকলেন মোরগের ডাক। ‘কোঁকর কোঁ কোঁকর কোঁ!’ ওই ডাক ছেড়ে বীরবল বাদশাহ আকবর এবং তাঁর সভাসদদের বুঝিয়ে দিলেন যে তিনি মোরগ। মোরগের পক্ষে তো আর ডিম আনা সম্ভব নয়।
পরিকল্পনা করেও বীরবলকে বেকায়দায় ফেলা সম্ভব হলো না। বাদশাহ মনে মনে বেশ লজ্জিত হলেন।
সূত্র: প্রথমা প্রকাশনের রসের রাজা বীরবলের সেরা গল্প বই থেকে