
১.
লাবু: শুনলাম, রাতে তোর বাসায় চোর ঢুকেছিল?
হাবু: হ্যাঁ। ঘুম ভেঙে গেলে চোরটাকে জিজ্ঞেস করলাম, সে কী করছে? বলল, টাকাপয়সা খুঁজছে।
লাবু: তুই চোরটাকে ধরে পুলিশে দিস নাই?
হাবু: না…
লাবু: তাহলে?
হাবু: আমিও চোরের সাথে টাকাপয়সা খুঁজতে শুরু করেছিলাম।
২.
সারা রাত চুরি শেষে টাকা ভাগ-বাঁটোয়ারা করতে বসেছে চোরেরা।
টাকা হিসাব করার সময় এক চোর একটা হাজার টাকার নোট সরিয়ে ফেলতে গিয়ে ধরা পড়ে গেল। চোরের সর্দার ধরা পড়ে যাওয়া সাগরেদকে তিরস্কার করে বলল, ‘এই, তোরে না একদিন কইছি, ভালো হইয়া যা!’
সাগরেদ বলল, ‘জি, ওস্তাদ!’ সর্দার বলল, ‘ভালো হইতে পয়সা লাগে না, বুঝছস! জীবনে সততার সাথে কাজ করবি, উন্নতি করতে পারবি। চুরিচামারি করবি তো জীবন শ্যাষ!’
৩.
হাবুকে জিজ্ঞেস করল লাবু, ‘বল দেখি, খালি পেটে তুই কয়টা রুটি খেতে পারবি?’
হাবু বলল, ‘উমম…চারটা।’
লাবু বলল, ‘হয়নি। খালি পেটে তুই একটা রুটিই খেতে পারবি। কারণ, পরের রুটিগুলো খাওয়ার সময় তোর পেট আর খালি থাকবে না।’ লাবুর কথায় খুব মজা পেল হাবু। কিছুক্ষণ পর বাবুকে পেয়ে জিজ্ঞেস করল, ‘বল দেখি, খালি পেটে তুই কটা রুটি খেতে পারবি?’ বাবু বলল, ‘উমম…পাঁচটা।’ হাবু বলল, ‘ধুর! মজাটা হলো না। চারটা বললে মজা হতো!’
৪.
মঞ্চে উঠে এক নেতা বললেন, ‘আপনারা জানেন, আপনাদের কাছ থেকে চাঁদা তুলে আমরা একটা সেতু নির্মাণ করতে যাচ্ছি।’
জনগণ কিছু না বলে গুঞ্জন তুলল। নেতা বললেন, ‘আজ আপনাদের জন্য এই সেতু সম্পর্কে দুটি সংবাদ আছে।’ ভিড়ের মধ্য থেকে একজন বলল, ‘কী সেটা?’ নেতা বললেন, ‘একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ। সুসংবাদ হলো, সেতু তৈরির সব টাকার বন্দোবস্ত হয়ে গেছে। দুঃসংবাদ হলো, টাকাগুলো এখনো আপনাদের পকেটে।’
৫.
মজনুর জন্য পাত্রী দেখা হচ্ছে। সেদিন অভিভাবকসহ মজনু গেল আরেক পাত্রী দেখতে।
এ কথা সে কথার পর পাত্রীর বাবা জানতে চাইলেন, ‘তা ছেলে কী করে?’
মজনুর দুলাভাই বুদ্ধিমান লোক। কেশে গলা পরিষ্কার করে বললেন, ‘ওর তো গতকালকেই ভিসা বাতিল হইছে...!’
পাত্রীর বাবা বললেন, ‘বাহ্ বাহ্! এ তো সোনার টুকরা ছেলে!’
৬.
হাবু গেল এক জ্যোতিষীর কাছে। ডান হাত বাড়িয়ে বলল, ‘বাবা, আমার ডান হাত চুলকায়। সামনে কী আছে, বলবেন?’
জ্যোতিষী বললেন, ‘তোর অর্থপ্রাপ্তি সুনিশ্চিত!’
হাবু বলল, ‘বাবা, আমার বাঁ হাতও চুলকায়!’
জ্যোতিষী বললেন, ‘কী বলিস! তোর আরও অর্থ আসবে!’
হাবু খুব খুশি হয়ে বলল, ‘বাবা বাবা, আমার ডান হাঁটু চুলকায়।’
জ্যোতিষী বললেন, ‘তোর বিদেশযাত্রা হবে।’
হাবু এবার খুশিতে ডগমগ হয়ে বলল, ‘বাবা, আমার বাঁ হাঁটুও চুলকায়!’
বিরক্ত হয়ে জ্যোতিষী বললেন, ‘ধুরু ব্যাটা, তোর তো ভিসা বাতিল হবে! আর শোন, তোর চুলকানিও হইছে; যা, ডাক্তার দেখা!’