ইতিহাসের এই দিনে

পাঁচ বছরের সমুদ্রযাত্রা শেষে ইংল্যান্ডে ফিরে আসেন চার্লস ডারউইন

চার্লস ডারউইন
ছবি: সংগৃহীত

২২ বছরের এক তরুণ প্রকৃতিপ্রেমী তখনো জানেন না কী তাঁর জীবনের লক্ষ্য। হঠাৎ সুযোগ এল এক সমুদ্রযাত্রার। এই দীর্ঘ সমুদ্রযাত্রাই তাঁর জীবনের লক্ষ্য স্থির করে দিল। একসময় তিনি হয়ে উঠলেন জগদ্বিখ্যাত জীববিজ্ঞানী, বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন। ১৮৩৬ সালের আজকের এই দিনে তিনি দীর্ঘ পাঁচ বছরের সমুদ্রযাত্রা শেষে ইংল্যান্ডের ফালমাউথ বন্দরে ফিরে আসেন।

চার্লস ডারউইনের জন্ম ১৮০৯ সালে, ইংল্যান্ডের এক ধনী ও প্রভাবশালী পরিবারে। বাবা রবার্ট ডারউইন ছিলেন চিকিৎসক। মাত্র আট বছর বয়সে চার্লস ডারউইনের মা সুজানা ডারউইন মারা যান। বেড়ে ওঠেন বড় বোনের যত্নে। চার্লস ডারউইনের দাদা ইরাসমাস ডারউইন ছিলেন একাধারে চিকিৎসক, নিসর্গবিদ, উদ্ভাবক, বুদ্ধিজীবী ও কবি। চার্লস ডারউইন তাঁর দাদার চিন্তাধারা দ্বারা প্রভাবিত হন।

ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি তাঁকে টানত চুম্বকের মতো। প্রকৃতি থেকে বিভিন্ন কীটপতঙ্গ সংগ্রহ করতেন, সেভার্ন নদী থেকে সংগ্রহ করতেন নুড়িপাথর। ৯ বছর বয়সে ভর্তি হন স্কুলে। প্রাথমিক শিক্ষা শেষে ভর্তি হন ডক্টর স্যামুয়েল বাটলারের মাধ্যমিক বিদ্যালয়ে।

চার্লস ডারউইনের যাত্রাপথ

ডারউইনের বাবা চেয়েছিলেন পুত্র চিকিৎসক হোক। সে আশায় তাঁকে এডিনবরা মেডিকেল কলেজে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনার জন্য পাঠানো হয়। সেখানে মৃতদেহ ব্যবচ্ছেদ ও অস্ত্রোপচারের দৃশ্য সহ্য করতে না পেরে পালিয়ে আসেন। এরপর ছেলেকে যাজক বানানোর ইচ্ছায় পাঠানো হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে। সেখানে তাঁর দেখা হয় উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক জন সিভেন্স হেনস্লোর সঙ্গে। হেনস্লোর কাছ থেকেই তিনি পান প্রকৃতিবিজ্ঞানের প্রাথমিক পাঠ, হেনস্লোই হয়ে ওঠেন তাঁর প্রেরণাদাতা।

কেমব্রিজ থেকে সাধারণ ডিগ্রি কোর্স সম্পন্ন করে চার্লস ডারউইন যখন বাড়িতে বসে আছেন, তখন অধ্যাপক হেনস্লোর সুপারিশে প্রকৃতিবিদ হিসেবে এইচএমএস বিগল নামের এক জাহাজে সমুদ্রযাত্রায় অংশ নেওয়ার সুযোগ পান। এই জাহাজে করে ইংল্যান্ডের ডেভেনপোর্ট বন্দর থেকে যাত্রা শুরু করে ৫ বছরে দীর্ঘ ৪০ হাজার মাইল পথ পাড়ি দিয়ে ১৮৩৬ সালের ২ অক্টোবর ফালমাউথ বন্দরে ফিরে আসেন।

এই সমুদ্রযাত্রার মধ্য দিয়ে চার্লস ডারউইন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য জৈব উপাত্ত সংগ্রহ করেন এবং দীর্ঘদিন সেগুলো নিয়ে গবেষণা করেন। তাঁর এই গবেষণার ফলাফল হলো জৈব বিবর্তনের যুগান্তকারী গ্রন্থ ‘দ্য অরিজিন অব স্পিসিজ’।

৭৩ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় চার্লস ডারউইনের। তাঁকে সমাহিত করা হয় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে, বিজ্ঞানী নিউটনের সমাধির ঠিক পাশেই।