কৌতুক

সহকর্মীর কাছ থেকে টাকা ধার নেওয়ার উপায়

আঁকা: জুনায়েদ

১.

নতুন অফিসে যোগ দিয়েছেন জাকির সাহেব।

মাসের শেষ দিকে হঠাৎ করে টানাটানিতে পড়ে গেলেন। তাই টাকা ধার চাইলেন সহকর্মী মিজান সাহেবের কাছে।

জাকির: ১০ হাজার টাকা ধার দিতে পারবেন, ভাই?

মিজান: ধার দেওয়ার ব্যাপারটা আমি পছন্দ করি না। এতে বহু দিনের পুরোনো বন্ধুত্ব নষ্ট হয়।

জাকির: আমাদের বন্ধুত্ব তো ততটা পুরোনো নয়। টাকাটা আপনি দিতে পারেন।

২.

স্কুলের মাঠে পিটি ক্লাস চলছে। প্রচণ্ড গরম। পিটি স্যার বললেন, ‘যে সবার আগে ১০০ মিটার দৌড়ে অংশ নিতে চাও, সে লাইন ছেড়ে এক কদম এগিয়ে দাঁড়াও।’

ছাত্রদের মধ্যে একজন এক কদম এগিয়ে দাঁড়াল। স্যার খুশি, ‘এই তো চাই। তোমার মতো সাহসী ছেলেই তো আমার দরকার। সবার আগে কেন তুমি এগিয়ে এলে?’

ছাত্র বলল, ‘আমি এগিয়ে আসিনি। আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই এক কদম পিছিয়ে দাঁড়িয়েছে।’

৩.

এক সন্ধ্যায় বাসায় বন্ধুবান্ধবকে ডাকল হালিম।

খাওয়াদাওয়ার পর শুরু হলো একক সংগীতসন্ধ্যা। গায়ক স্বয়ং হালিম।

গান শেষে এক বন্ধুকে হালিম বলল, ‘কী রে, কেমন গাইলাম, বল তো?’

বন্ধু বলল, ‘তোর তো টেলিভিশনে গান গাওয়া উচিত!’

হালিম খুব খুশি, ‘সত্যি?’

বন্ধু বলল, ‘হ্যাঁ। সে ক্ষেত্রে আমি অন্তত টিভিটা বন্ধ করে দিতে পারব।’

৪.

ঝুম বৃষ্টি। এর মধ্যে প্রচণ্ড গতিতে যাচ্ছিল গাড়িটা।

সংগত কারণেই গাড়িটার পথ রোধ করে দাঁড়ালেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

গাড়ির সামনে দাঁড়িয়ে বললেন, ‘এই যে, দাঁড়ান!’

চালকের সামনে গিয়ে দিলেন ঝাড়ি, ‘এই বৃষ্টিতে কেউ এত জোরে গাড়ি চালায়? বোকা নাকি!

চালক বলল, ‘আমি তো গাড়ির ভেতরে বসে আছি, গায়ে বৃষ্টির ছিটাফোঁটাও লাগছে না। বোকা আমি নাকি যিনি বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন, তিনি?’