
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
জনৈক প্রাক্তন শাবক মেষ-এর মুখেমুখে বলা ছড়া, বিছানায় বাবা-মায়ের মাঝখানে শুয়ে তাদের ঘাড়ের নিচে দুহাত রেখে আচমকা: দোলে, দোলে/ আব্বা-মায়ের কোলে!... সাধারণভাবে বলতে গেলে, মেষ সৌন্দর্য ও শিল্পচর্চার প্রতি আকৃষ্ট। তাঁর ছন্দের বোধ প্রবল। প্রিয় মেষ, চলতি সাত দিনে আপনি অজান্তেই শিল্পানন্দে বিভোর থাকবেন। এতে আপনার মানসিক স্বাস্থ্য আলোকিত থাকবে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আপনার রাশিতে আছেন প্রচুর নারী এবং পুরুষ—যাঁরা বিশেষত কণ্ঠচর্চায় দক্ষ হবেন। আপনি এ সপ্তাহে আপনার সুশ্রাব্য কণ্ঠ দিয়েই বাজিমাত করবেন। আমি আমার কান দূর থেকেই খুলে রাখলাম। আপনি গাইছেন রবীন্দ্র-গান: প্রেম এসেছিল নিঃশব্দ চরণে। {ওখান থেকে কথা চুরি করেই রচিত হলো—প্রেম একবারই এসেছিল নীরবে, ইত্যাদি (লতা মঙ্গেশকর)}।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
সতীনাথ মুখোপাধ্যায়কে ভুলে যাওয়া একেবারেই একটা অসম্ভব ব্যাপার। তাঁর রেকর্ড থেকে শোনা যায় বহু বিষণ্ন, মর্মস্পর্শী গান। (যেমন করে গ্রহণ লাগে চাঁদে/ আমায় তুমি তেমনি গ্রহণ করো)।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
অযথা অমন ছটফট করছেন কেন মিয়া-বিবিরা! এ সপ্তাহে আপনার পছন্দের মানুষ চটিতে ফটফট আওয়াজ তুলে পটাপট আপনার মনের জানালায় এসে হাওয়া দিতে থাকবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
হেমন্ত-মান্নার দ্বৈত কণ্ঠে এই গানটা আপনারা অনেকেই শুনেছেন: খিড়কি থেকে সিংহ-দুয়ার/ এই তোমাদের পৃথিবী/ এর বাইরে জগৎ আছে/ তোমরা জানো না...। চলতি সপ্তাহে গানটা আবার শুনে নিন। মন ভরে উঠবে এক আনন্দমাখা বিষাদে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আশা ভোসলে কন্যা রাশির এক উজ্জ্বল নক্ষত্র। নিজের দিকে তাকালে আপনি এর নির্ভুল প্রমাণ পাবেন। আপনি পুরুষ হলেও তা থেকে বঞ্চিত হবেন বলে মনে হয় না।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলা রাশির জাতক হলেই সবাই যে তুলোর মতো তুলতুলে নরম হবেন—এমন মোটেই নয়। কিছু তুলা আছেন—অন্তরে-বাইরে যাঁরা প্লাটিনাম-লৌহ-ইস্পাতের চাইতেও মজবুত। ওদিকে, কাউকে তুলোধোনা করতেও এঁরা সিদ্ধহস্ত। কোমলে কঠিনে মেশা তুলা আপনি স্থিরচিত্ত থাকুন। কাজ হবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক চলে একা চিক চিক চিক, রেলগাড়ি চলে যেন ঝিক ঝিক ঝিক।—না রে, তামাশা করলাম। তবে এ কথা ঠিক যে, বৃশ্চিকের চলতি সপ্তাহ ট্রেনের মতোই সাঁই সাঁই করে সামনে এগিয়ে যাবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আমি প্রায়ই বলি—লাইফ ইজ এ লিমিটেড ওভার ম্যাচ। যা করার ওই ৫০ x ৬ = ৩০০ বলের মধ্যেই সেরে নিতে হবে। সতর্কভাবে একটি একটি করে বল ছাড়ুন, ব্যাট হাঁকান। এ সপ্তাহে কেন, সারা জীবনই আপনাকে থাকতে হবে এক লক্ষ্যভেদী খেলোয়াড়। একটু ভুল করেছেন কি দেখবেন আপনি ছিটকে পড়েছেন এদিক-ওদিক। তবু ভয়ের কিছু নেই। আপনি হবেন ম্যাচ উইনিং জীবন সৈনিক।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
পাথুরে পাহাড় বেয়ে ওপরে উঠবেন। অশ্রু-রক্ত-ঘাম ঝরবে। তবু থেমে থাকলে চলবে না। সাফল্য আসতে একটু দেরি হতেও পারে। হোক না, ক্ষতি কী, একবার চূড়ায় উঠে গেলে আপনার সাফল্য হবে দীর্ঘস্থায়ী।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আলসে নয় সে/ ঘুম যায় বিকেলে,/ রোজ তাই দাদুভাই কিক মারে কপালে। কুম্ভ সাবধান! আলস্য পরিত্যাজ্য—সারা সপ্তাহজুড়ে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
স্বভাবগতভাবেই মীন একটি শিল্পপ্রিয় রাশি। চলতি সপ্তাহের জন্য আপনাকে একটা গান প্রেস্ক্রাইব করি (দিনে ৩ বেলা সেব্য): মান্না দের ‘আমি আজ আকাশের মতো একেলা, একেলা, একেলা।’ গানটা শুনতে শুনতে আপনার চোখ থেকে মন অবধি ভিজে উঠবে। তবু আপনার এমনকি অবচেতন মনেও ছায়া ফেলবে এক করুণ প্রশান্তি। শুভ হোক আপনার এবং আপনাদের।
>আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী