
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমার মেষ পুত্র যখন একেবারে ছোট এবং সবেমাত্র বানান করে বাংলা পড়ছে...,তখন ওকে আমি একদিন চন্দ্রবিন্দুর উচ্চারণ শেখাচ্ছিলাম। বললাম: ছি বাবা, চাদ, হাস, বাশ...এভাবে পড়ে না। বলো, চাঁদ, হাঁস, বাঁশ ইত্যাদি। ও উচ্চারণ করতে লাগল: চংআদ, হংআস, বংআশ। বুঝুন আমার বিপদ। প্রিয় মেষ, আপনি একজন পারফেকশনিস্ট, কোনো কিছুকে নিখুঁত করে তোলা আপনার একটা নেশা। তবে, অতিরিক্ত কিছুই ভালো না।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আজকাল পাইকারি ফ্যাশন হয়েছে সরু গলায় চিৎকার করে বেসুরো গান করা। আমার ইচ্ছা, ‘অতীত পুনরুদ্ধার সংস্থা’ নাম দিয়ে জোরদার একটি কর্মসূচি চালু করা। স্বীকার্য, অতীত মানেই যে সোনালি অতীত...ঠিক তা নয়। তবু ওখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছুই আছে। ভেবে দেখুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
যার বুদ্ধি আছে সে ধাঁধার উত্তর সহজেই দিতে পারে। সহজেই হেঁয়ালি ভাঙতে পারে। প্রিয় মিথুন, আপনি মেধাবী, আমার কথাবার্তা তো আপনার না বোঝার কোনো কারণ নেই। একবার না পারিলে দেখো শতবার। সহজ করে বলি, চলতি সপ্তাহটি আপনার চমৎকার কাটবে। আরও ভেঙে বলতে হবে?
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
মা ও বন্ধুর চেয়ে বোধ হয় পৃথিবীতে মানুষের আপন আর কেউ নেই। এটা আমার আবিষ্কৃত একটি পরীক্ষিত সত্য। জানি না, আপনি এর প্রমাণ পাবেন কি না। আমি মা পাইনি, বন্ধু পেয়েছি অজস্র। প্রিয় কর্কট, মা ও বন্ধুর মাঝে নিজেকে ছড়িয়ে দিন, দেখবেন জীবন কত সুন্দর হয়ে ওঠে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ভেবে দেখুন, তথ্য ও জ্ঞান...এ দুটি শব্দের অর্থ অনেকটাই ভিন্ন। আপনি তথ্যের বিশাল ভান্ডার গড়ে তুললেই যে জ্ঞানী হবেন...এমন কোনো ধরাবাঁধা কথা নেই। আমার এই বার্তা পড়ে আপনার নিজের চিন্তাকে খেলান এবং সে অনুযায়ী চলতে চেষ্টা করুন। আমি উপদেশে বিশ্বাসী নই, পরামর্শের ওপর আস্থা রাখি। অনুরোধ করি, আমার পরামর্শে একটু কান দিন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সব জীবজগৎ পরস্পরের স্পর্শ নিয়ে বেঁচে থাকে, মানুষ তো বটেই। একটু স্পর্শ দিয়ে শিশু কিংবা বয়স্ক কারও দেহ-মনের কষ্ট মুছে দেওয়া সম্ভব। প্রিয় কন্যা, আমি এই টাচ থেরাপিতে বিশ্বাসী। হয়তো আপনিও তা-ই। এ সপ্তাহে আপন কারও সঙ্গে আপনার চিন্তার মিল ঘটবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আমি মূলত একজন চিত্রকর। আমার রং-তুলি কি আজও আমার হাতের স্পর্শ পাওয়ার প্রতীক্ষা করে? জানি না, আপনিও আপনার অতীতের মধ্যে কোনো শিল্পচর্চাকে পেছনে ফেলে এসেছেন কি না। তা যদি হয়, তাহলে সেই অতীতকে ফিরিয়ে আনতে চেষ্টা করুন; দেখবেন আপনার এক নতুন যাত্রা শুরু হবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
পৃথিবীতে মানুষের অনেক রকম নীতি থাকে: অর্থনীতি, রাজনীতি...এমনি হরেক রকম নীতি। তবে, অর্থনীতি থেকে ঘটে যায় অনেক অনর্থনীতি। আমরা অনেকে না বুঝে এই অনর্থনীতির চর্চা করি। এতে আমাদের নিজের এবং অন্যের জীবন শুধু বিপর্যয়ে ভরে ওঠে। চলতি সপ্তাহে আপনার দার্শনিক চিন্তার নব উদ্বোধন ঘটবে। জয় হোক!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আমি যখন চারুকলার ছাত্র ছিলাম, তখন মাঝে মাঝে বিদেশি অতিথি শিক্ষকেরা সাময়িক শিক্ষাদানের জন্য আসতেন। তাঁদের মধ্যে একজন বলেছিলেন: থিংক মোর, ড্র লে...ভাবো বেশি, রেখা টানো কম। প্রিয় ধনু, কথাটি আমাদের বাস্তব জীবনকে সমৃদ্ধ করে তুলতে পারে। চলতি সপ্তাহে আপনি কোনো কাজ মাত্রার অতিরিক্তভাবে করতে যাবেন না। পরিমিতিবোধ বজায় রাখুন। সপ্তাহ শুভ।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
নিজের কবিতা থেকে কয়েকটা লাইন শোনাই। কবিতার শিরোনাম...কবিতা শুনতে হবে: ‘আমি কি পাগল নাকি, / রাত জেগে তোর জন্য কবিতা লিখি? / আমি কি আ কেইস অভ ফ্যুরর স্ক্রিভেন্ডি? / লিখন-বাতিকগ্রস্ত? / ভূতে-পাওয়া কলমখোর? / দিস্তে-দিস্তে কাগজে দিবারাত্রি লিখি, / কলমের খোঁচায় কাগজ করি ছিন্নভিন্ন?’ এটি হতে পারে পাঠকদের উদ্দেশে যেকোনো ক্ষিপ্ত কবির উচ্চারণ। এ সপ্তাহে আপনার জন্য এইটুকুই আমার বক্তব্য। সপ্তাহ শুভ হোক।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আমার এক গায়ক বন্ধু বলত: দোস্ত, গানের মধ্যে একটু নাক না লাগালে গান মিষ্টি হয় না। ভেবে দেখ হেমন্ত, শ্যামলসহ অনেক বড় বড় শিল্পী নাসিকাচর্চার মধ্য দিয়ে কীভাবে আমাদের চিরমুগ্ধ করে রেখেছেন। প্রিয় গানমুগ্ধ কুম্ভ, ভেবে দেখুন, কণ্ঠশিল্পীর এ বক্তব্যের সঙ্গে আপনি একমত হতে পারেন কি না (খবরদার, ভুলেও হাসবেন না যেন!)।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
বডি ল্যাঙ্গুয়েজ বা দেহ-ভাষা সম্পর্কে আপনি অবগত আছেন। লক্ষ করবেন, পৃথিবীর এক এক জাতির মধ্যে এই দেহ-ভাষার চর্চায় হেরফের রয়েছে। ইতালিয়ানদের মুখ-হাত নেড়ে কথা বলার প্রবণতা প্রচণ্ড। বাঙালিও বোধ হয় কম যায় না। বাঙালি হচ্ছে ইতালিয়ানদের মতোই একটি ঝগড়াপ্রবণ জাতি। প্রবলভাবে হাত-পা নেড়ে সে তার ঝগড়াকে বিকট করে তোলে। প্রিয় মীন, আপনি-আমি সবাই বাঙালি এবং মোটামুটি একই নিয়মে পড়ি। কাজেই আমার কথায় আপনার রাগ করা উচিত নয়। ভালো থাকবেন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী