
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আপনার এবং আপনাদের সবার উদ্দেশে একটি ছড়া নিবেদন করি: হাসিমুখে রাশিফল পড়ে ফেলা চাই/ আজ থেকে সাত দিন ভালো যাবে ভাই।...মাথায় যে মগজ রয়েছে—প্রধানত সেটাই আমাদের ভালো–মন্দের নিয়ন্ত্রক হয়ে থাকে। মগজ বা মস্তিষ্ককে ইতিবাচক শুভ চিন্তা দিয়ে রিচার্জ করুন, দেখবেন আপনার ভালো না থাকার কোনো উপায়ই থাকবে না। আমি বিজ্ঞান-সচেতন বলেই ওই পরামর্শ দিলাম। রাশিশাস্ত্র তথা জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান না হতে পারে—তবে জ্যোতিষী হয়েছি বলে কি আমি একটুও বিজ্ঞানমনস্ক হতে পারব না?
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আজ থেকে সুদীর্ঘ যুগ পরের বাংলাদেশের অবস্থাটা কল্পনা করুন। ধরুন, রিকশা বলে কিছু থাকল না। রিকশাকে দারুণ মিস করলেও তখন আমাদের রিকশার বিকল্প যানবাহন চলে আসবে। সেটা চলন্ত, উড়ন্ত, দুরন্ত কিছুও হতে পারে। আমাদেরই উত্তরসূরিরা তা এনজয় করবে। নতুন ব্যবস্থায় যানজট বলে কোনো ফাজিল বস্তুও তখন থাকবে না। রিকশা চলে যাবে জাদুঘরের অভ্যন্তরে। ভাবছেন রাশিফল বর্ণনা করতে গিয়ে ব্যাটা জ্যোতিষী এসব ফাউল কথা বকছে কেন? আরে ভাই, এটাই তো ভবিষ্যদ্বাণী, এটাই তো আপনার রাশিফল।...যা-ই হোক, মেজাজ ঠান্ডা করুন, আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত আপনার আর কিছু না হোক, ঘুরে বেড়ানোটা তো নিশ্চয়ই হবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
নিজস্বতা হারিয়ে যারা অনুকরণকে অবলম্বন করে, মিথুন হিসেবে আপনি তার ব্যতিক্রম। ওদিকে আবার মিথুনকে বলা হয়েছে: রাশি শাস্ত্রের ‘সম্ভবত সবচেয়ে স্মার্ট সদস্য’। জেনে নিশ্চয় খুব গর্ব হচ্ছে আপনার। তবে তা নয়, অন্য রাশিতেও বহু স্মার্ট জাতক পাওয়া যাবে। (এখন থেকে আমি আর জাতকের লিঙ্গভেদ করব না। অর্থাৎ নারী হলেও তাকে শুধু ‘জাতক’ বলেই চিহ্নিত করব।) যা-ই হোক মিথুন, এখন শুধু আপনার নয়—আমাদের সবারই বসন্তকাল। কবি বলেছেন: ফুল ফুটুক আর না-ই ফুটুক, আজ বসন্ত। আর, আমি বলি: প্রেম ঘটুক আর না-ই ঘটুক, আজ ভালোবাসা দিবস। (আজ মানে বুধবারে গেল আরকি)।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
প্রিয় কর্কট, আপনি আজ জীবনের কোনো না কোনো পর্যায়ে তো এসে পৌঁছেছেন। এ পর্যন্ত আসতে আপনাকে কি কম লড়াই করতে হয়েছে? মান্না দের জনপ্রিয় গানটার মাঝখানের কটি লাইন মনে করুন: পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে/ কী করে এখানে তুমি আসবে।...কর্কট আপনকে অনুরোধ করি, অতীত মনে রাখলেও অতীতের মধ্যে বাস করার চর্চাটা ছেড়ে দিন। আর, জীবনের ব্যর্থতার কথা বেশি না ভেবে শুধু সাফল্যগুলো নিয়ে চিন্তা করুন। বলা হয়ে থাকে, অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিন। আমি বলি, নিজের সাফল্য থেকে সামনে চলার উৎসাহ গ্রহণ করুন। সপ্তাহ আপনার ভালো কাটবে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
লাকী আখান্দ্-এর সুরে ও কণ্ঠে আমার লেখা একটি পুরোনো গান আছে: নীলা, কেন চোখ দুটি আঁখি জলে উঠেছে ভরে/ রূপসী নীলা...দিয়েছে কে তোমার ও-মনে ব্যথা/ কাঁটা হয়ে বিঁধেছে কি কারো কথা...। এ সপ্তাহে আপনাকে আমার সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই, শুধু পরামর্শ দিচ্ছি—কেউ আপনাকে মনে কষ্ট দিলে আপনি চলার পথে থমকে দাঁড়াবেন না। সপ্তাহ আপনার অত্যন্ত শুভ।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে আপনি আপনার ব্যবহারের মাধুর্যে সবাইকে মুগ্ধ করতে পারবেন। আর, নিজের এই সাত দিনে স্মৃতির ফুলে ছেয়ে যাবে আপনার সারা মন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
প্রিয়জনের মন জয় করুন। তবে তার আগে জয় করা প্রয়োজন আপনার নিজের মনটাকে। আমাকে রাশিফলগুলো ছোট ছোট করে লিখতেই হয়। কাজেই ছোট্ট করেই বলছি, সপ্তাহের বেশির ভাগটাই কাটবে আপনার চমৎকারভাবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এক বৃশ্চিক আমাকে প্রশ্ন করেন: আমার ভবিষ্যৎটা কেমন দেখেন? আমি জবাব দিই: আপনার ভবিষ্যৎ ফরসা! বৃশ্চিক কান্না জড়ানো কণ্ঠে বলেন: এ আপনি কী বলছেন স্যার। আমি বলি: ফরসা মানে ফরসা, সুন্দর। সামনে একুশে ফেব্রুয়ারিকে সাক্ষী রেখে পণ্ডিতদের উদ্দেশে বলি: বাংলা ভাষাটার আরও মেরামত প্রয়োজন কি না আপনারা ভেবে দেখুন। বৃশ্চিক, আপনার চলতি সাত দিন ভেসে যাবে উজ্জ্বল আলোর বন্যায়।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
এই তো বেশ পুনর্বার মৃত থেকে জীবিত হয়ে উঠেছেন ধনু মহাশয় ও মহাশয়া। আমার চলচ্চিত্র শিক্ষাগুরু প্রয়াত ঋত্বিক কুমার ঘটক মাঝে মাঝে হাঁক দিয়ে বলতেন: ভঁয়সা গাড়ি আগে বাড়ো। অর্থাৎ তিনি বলতে চাইতেন, অতীতকে ঝেড়ে ফেলে সামনে অগ্রসর হও। এই বার্তার মধ্য থেকে অনেক কিছুই ভেবে দেখার আছে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপনাকে আজ আমি একটু ঠকাব, কেননা আমি দেখতে পাচ্ছি নিজের রাশিফলটা পড়বার আগেই আপনি ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তুলেছেন। যাকগে, ভয়ের কিছু নেই, সপ্তাহ আপনার শুভ।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এই ভরা বসন্তে প্রিয় কুম্ভ, আর যা-ই করুন একটুও দীর্ঘশ্বাস ফেলবেন না। আপনার এমন কী হয়েছে যে সপ্তাহের শুরুতেই আপনি ভেঙে পড়েছেন। খবরদার, আমার কাছে সত্য গোপন করবেন না।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
ভেবেছিলাম আপনার রাশিফলের জায়গাটায় আমি কিছুই লিখব না। পরে ভেবে দেখলাম, আপনি যদি এতে মাইন্ড ব্যাড করেন, তাহলে আমার বিপদ ঘটার আশঙ্কা আছে।...গত বুধবারের বিশ্ব ভালোবাসা দিবস আপনার কেমন কেটেছে, তা বিশ্লেষণ করে আমাকে জানাবেন।...আমার তো মনে হয় জবরদস্ত একটি সপ্তাহ আপনার সামনে পড়ে রয়েছে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী