
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
যাঁরা কবিতা পড়তে ভয় পান এবং কবিতা পছন্দ করেন না—তাঁদের বলছি, কবিতা পড়ুন। কবিরা আমাদের অন্য অনেক কিছু ছাড়াও মনের সাহস জোগান। তাঁরা আমাদের ‘সাহস বিস্তৃত বক্ষপট’ কামনা করেন। তাই আবারও বলছি: কবিতা পড়ে নিজের সাহস বাড়ান। পরীক্ষা প্রার্থনীয়। কবিতা পড়তে বেশি পয়সা খরচ হয় না। যত পড়বেন ততই নেশা বাড়বে। অবশ্য আমি জানি, মেষ কবিতার বিপক্ষে নন। শুভ হবে আপনার চলতি সপ্তাহ।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ রাশির অধীনে আছেন অনেক বড় বড় মানুষ। এঁদের খুঁজে নিন, এঁদের সম্পর্কে জানুন। আমি নিশ্চিত যে, এই জানাটা আপনাকে অনেক অনুপ্রেরণা দেবে। শুভ হোক!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটা সপ্তাহজুড়ে আপনার কানে বাজবে: জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। প্রসঙ্গত বলি, এই মহান শিল্পীর রাশি মিথুন। তবে, একা থাকলেও নিজেকে কখনোই একা ভাববেন না। সমাজে হাতে হাত মিলিয়ে চলার মতো অনেককেই খুঁজে পাবেন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আমি একজনকে ‘কটকটি বেগম’ বলে ডাকতাম মাঝেমধ্যে। তিনি বিষণ্ন ছিলেন না এবং ক্রমাগত কথা বলতেন। প্রিয় কর্কট, চলতি সপ্তাহে বেশি করে কথা বলুন। এতে লোকে আপনাকে বাচাল বললেও আপনি থামবেন না। এটাই আপনার প্রতি আমার সাপ্তাহিক পরামর্শ।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
চারদিকে অন্ধকার মনে হলেও আপনি কিন্তু অনেক ভালো থাকবেন। প্রকল্প পরিচালকের ভূমিকা নেবেন। এটুকু জেনে কাজকর্মে হাত দিন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আমি প্রতি বাংলা মাসের শুরুতে ‘জীবন শাহাদাৎ’ নামের কোনো এক কন্যা জাতকের বার্তা পাই। তিনি ঋতু ও নতুন মাসের আগমনবার্তা জানান। হয়তো আপনিও তাঁর বার্তা পান। জীবন-এর জন্মদিবস ২৮ আগস্ট। প্রিয় কন্যা, এ সপ্তাহে আপনার এক নতুন যাত্রা শুরু হবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
পথ যত কঠিন হয়, আপনার পদক্ষেপ ততই দৃঢ় হবে। পেছন ফিরে তাকাবেন, কিন্তু অতীতের মধ্যে বাস করবেন না। জানবেন, ইতিহাস মানুষকে সামনে চলার পথ দেখায়। শুভ হোক!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
আমার সঙ্গে গলা মিলিয়ে সপ্তাহজুড়ে একটি গান করুন, ...আমাকে যে কাঁদাবে তাঁর ভাগ্যে আছে কাঁদন। কথাটা রবীন্দ্রনাথের একটা গানে আছে। গানটির প্রথম লাইন হচ্ছে—আমাকে যে রাখবে ধরে এই হবে যার সাধন, সেকি অমনি হবে?
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
একটা উর্দু শের মনে পড়ছে, যার বাংলা করলে দাঁড়ায়, তোমার সঙ্গে আমার অন্য কোনো সম্পর্ক না থাক, অন্তত ঝগড়ার সম্পর্কটা যেন থাকে। কাউকে উদ্দেশ করে এই কবিতাটি আপনি হয়তোবা এ সপ্তাহে বারবার উচ্চারণ করবেন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
রাশিশাস্ত্র বিজ্ঞান নয়। ওটা শুধু হাজার বছরের অনুমানসিদ্ধ একটা শাস্ত্র। তা, আমাদের অনুমানও তো মাঝেমধ্যে সত্যি হয়ে যায়। আমি বলছি, চলতি সপ্তাহটি আপনার একটি সফল সপ্তাহ হবে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনি আপনার চারপাশে অন্ধকার মেঘ দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি আলোয় আলোকিত। আমার ওপর রাগ করবেন না। আমি লোক ঠকানোর জন্য রাশিফল লিখি না। বিশ্বাস রাখুন। সাহস রাখুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে আপনি অন্যদের চোখে খানিকটা রহস্যময় হয়ে উঠবেন। তা হলোইবা, পথ চলা থামাবেন না। সলিল চৌধুরীর গানটি মনে রাখবেন: ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেম না। শুভ হোক আপনার!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী