শৈশবে ভোরে মাঝেমধ্যে ঘুম থেকে উঠে দেখতাম, আম্মা কোরআন পাঠ করছে। খুব আস্তে আস্তে, অস্পষ্ট কণ্ঠে। গুনগুন শব্দগুলো যখন কানে ঢুকত, প্রাণটা জুড়িয়ে যেত। তখন ঘুম থেকে উঠেও মায়ের কোলে শুয়ে মধুর কণ্ঠের তিলাওয়াত শুনতাম।
কখনো কখনো নানাভাইকে মনে করে কোরআন পাঠ করার সময় মায়ের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ত। তখন আমার মায়ের কোরআন পাঠ করার সুরটা আরও কোমল আর মধুর হয়ে উঠত। এমন মায়াবী সুর আমি আর কোথাও শুনিনি, কোথাও না!
খসরু, হোমনা, কুমিল্লা
করোনায়ও জন্ম থেমে ছিল না। কে জানে, হয়তো অসুস্থ পৃথিবীকে সুস্থ করতে তারা এসেছে। একটা ঘটনার কথা বলি। করোনার প্রথম দিকের কথা। এক প্রসূতিকে হাসপাতালে শত চেষ্টা করেও ভর্তি করাতে পারেননি স্বজনেরা। বিফলে গিয়েছিল হাজারো আকুতি–মিনতি। হাসপাতালের বাইরে রাস্তার গাছতলায় সন্তানের জন্ম দিয়েছিলেন মা। করোনা সন্দেহে যে শিশু হাসপাতালের সেবা পায়নি, এখনো সে বেঁচে আছে। প্রায় দুই বছর বয়স। ছোট্ট মিষ্টি সেই বাচ্চার নাম জ্যোতি। এখনো সে পৃথিবীর
বুকে জ্যোতি ছড়াচ্ছে। তার মিষ্টি চাহনি দেখি আর ভাবি, করোনা বিজয়ী জ্যোতি একদিন বিশ্ব জয় করবে।
মাহমুদা টুম্পা, গাবতলী, বগুড়া
ব্যাচেলর মেসে রমজান মাস কেটেছে। শুরুর দিকে এক সিনিয়র ভাই সঙ্গে থাকলেও পরে একা ছিলাম। অর্ধেক মাস যেতে না যেতেই মেস ছেড়ে চলে যান ভাই, যার প্রধান কারণ হচ্ছে খাবার। যদিও কী খেয়েছি, কিংবা খাচ্ছি সেটাতে বিন্দুমাত্র আগ্রহও আমার নেই। যা খাচ্ছি তাতেই আমি সন্তুষ্ট। অথচ বাড়িতে এর চেয়ে বহুগুণ ভালো খাবার নিয়েও অভিযোগের কমতি থাকে না।
বাড়িতে আম্মা আছেন, এখানে তো আম্মা নেই। আম্মা যদি পৃথিবীর সবচেয়ে ভালো খাবারটাও রান্না করেন, তারপরও অভিযোগ থাকবে।
গতকাল বাড়িতে এসেছি, আম্মাকে একবারের জন্যও অবসর দেখলাম না। রাত দুইটা বেজে গেছে, আম্মার রান্না তখনো শেষ হয়নি। ভাবলাম, হয়তো সাহ্রি খেয়ে একেবারে নামাজ পড়েই ঘুমাতে যাবেন। আমি সাহ্রি খেয়ে ঘুমিয়ে গেলাম। প্রচণ্ড গরমে ভোরে ঘুম ভেঙে গেল। বাইরে বের হয়ে দেখি, আশপাশের বাড়িগুলোয় এখনো তেমন কেউ ঘুম থেকে ওঠেনি। কিন্তু আম্মা ধান ভানছেন। আমি শুধু অবাক হয়ে দেখেই গেলাম। সবারই তো ক্লান্তি থাকে, আম্মার কি ক্লান্তি নেই!
মাঝেমধ্যে মনে হয়, আম্মাই হয়তো পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রাণী, যিনি নিঃস্বার্থভাবে একটানা খেটে যান। তারপরও দিনশেষে প্রশংসার চেয়ে সমালোচনাটাই বেশি হয়।
আকাশ মুহাম্মদ, হবিগঞ্জ,
প্রিয় প্রভাত, মেসেজ দিতে আমার আর ইচ্ছা করে না, ইচ্ছা করে চিঠির যুগে ফিরে যাই। আপনার ঠিকানায় চিঠি পাঠাই। সেই চিঠি আপনি একবার হলেও পড়ে দেখবেন। তারপর হয় ফেলে দেবেন, নাহয় রেখে দেবেন, আপনার ইচ্ছা। আচ্ছা আমাদের দূরত্ব কি বেশি? হ্যাঁ, মনের দূরত্ব বেশিই। এই দূরত্ব কিলোমিটারে প্রকাশ করা যাবে না।
জানেন, ইচ্ছা করে আপনার খুব কাছাকাছি চলে যাই। খুব কাছ থেকে আপনাকে দেখব। হাত ধরতে দিতে হবে না, শুধু আপনাকে দেখতে পারার অনুমতি দিলেই হবে। সেদিন নাহয় আপনার সব বেদনা আমার সঙ্গে ভাগ করে নেবেন। জানি এসব কথাবার্তার কোনো মূল্য নেই। কিন্তু, কী করব বলুন? আবেগ তো মিথ্যা নয়। আপনাকে ভীষণভাবে ভাবতে পারার সেই বিষণ্ন সুন্দর মুহূর্তটাও কিন্তু মিথ্যা নয় প্রিয়!
ইতি
সারাহ
আমি চলে গেলে তুমি আমাকে বাতাসের শব্দে পাবে, আকাশের শূন্যতায় পাবে, খুঁজে পাবে তোমার নিঃসঙ্গতায়। নিজেকে আর অন্যের সামনে ব্যাখ্যা করতে ইচ্ছা করে না, আমি কতটুকু ভালো, কতটুকু মন্দ। আমি চলে গেলেও তোমার ভেতর রয়ে যাব আজীবন। যতবারই সরে যেতে চেষ্টা করি, ততবারই তোমার কথা মনে পড়ে। কখনো আমাদের দেখা হলে পাশ কাটিয়ে চলে যেয়ো না।
একটু কফি! একটু হাসি! একটু আড্ডা!
সময় হবে প্রিয়?
আব্বাস উদ্দিন, পার্বতীপুর, দিনাজপুর
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: adhuna@prothomalo.com, ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’