বিচিত্র

ইন্দোনেশিয়ায় কত দ্বীপ?

জাকার্তা উপকূলের কাছে হাজারখানেক সুন্দর দ্বীপ আছে, যেখানে ইন্দোনেশীয় রাজধানীর বাসিন্দারা সাপ্তাহিক ছুটি কাটাতে যান। তবে সাগরদেশটির ঠিক কতগুলো দ্বীপ আছে, সেটা কেউই ঠিকঠাক বলতে পারে না। সরকারের কাছেও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই।

আসলে ইন্দোনেশিয়ায় দ্বীপের সংখ্যা এত বেশি যে তারা সেগুলো এখনো পুরোপুরি গুনে উঠতে পারেনি। তাই নামকরণের
কাজটাও অসমাপ্ত। ১৯৯৬ সালের একটি আইনে বলা হয়, সংখ্যাটা ১৭ হাজার ৫০৮ হতে পারে। তবে এটা আনুমানিক হিসাব।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটা অগ্রহণযোগ্য। দেশটির সরকার এবার নিজেদের দ্বীপের মোট সংখ্যার সুনির্দিষ্ট হিসাব চায়।
কারণ, জাতিসংঘে আগামী আগস্টে অনুষ্ঠেয় এক বৈঠকে সেটা জানাতে হবে।

বিস্তীর্ণ ভূখণ্ড ও জলসীমা এবং মৎস্যসম্পদের সুরক্ষার স্বার্থে ইন্দোনেশিয়া নিজেদের দ্বীপসংখ্যার প্রকৃত হিসাব চায়। একটা দ্বীপের নামের সরকারি স্বীকৃতির জন্য অন্তত দুজন স্থানীয় ব্যক্তির ওই নামটা জানা থাকতে হবে।

১৯ লাখ বর্গকিলোমিটার জুড়ে অবস্থিত ইন্দোনেশিয়ার সব দ্বীপ জাতিসংঘের মানদণ্ড মেনে গণনার কাজটা মোটেও সহজ
নয়। ভৌগোলিক নামের আধুনিকায়ন বিষয়ে ২০১২ সালে জাতিসংঘের এক সম্মেলনে জাকার্তা বলেছে, তাদের কাছে ১৩ হাজার ৪৬৬টি দ্বীপের হিসাব আছে।

সামুদ্রিক বিষয়াবলি ও মৎস্য মন্ত্রণালয়ের একটি গণনা দল সম্প্রতি বিবিসিকে বলেছে, আগস্টের বৈঠকে ইন্দোনেশিয়া অন্তত ১ হাজার ৭০০টি নতুন দ্বীপের নাম জাতিসংঘের তালিকাভুক্ত করতে চায়। এ জন্য প্রতিটি দ্বীপ পরিদর্শন করতে হচ্ছে। পাশাপাশি একেকটা দ্বীপের নাম, সেই নামের অর্থ, ইতিহাস এবং ভৌগোলিক বিবরণও চূড়ান্ত করতে হবে।