জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে আড্ডার আয়োজন করা হয়েছে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের চট্টগ্রাম ক্যাম্পাসে। ভাষাসংগ্রামের ৬০ বছর পূর্তি উপলক্ষে উইকিপিডিয়ার বাংলা উদ্যোগকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ২ ও ৩ মার্চ এই আড্ডার (অসম্মেলন) আয়োজন করা হয়েছে।চট্টগ্রামের ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং উইকিপিডিয়া বাংলাদেশ যৌথভাবে এই অসম্মেলনের আয়োজন করছে। কাল শুক্রবার সকাল নয়টায় এ আড্ডার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে আড্ডা ছাড়াও দুই দিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে মুক্ত সেমিনার, কর্মশালা, মৃৎশিল্প প্রদর্শনী, পিঠা উৎসব ও বইমেলা। প্রথমা, বাতিঘর ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড বইমেলায় অংশ নিচ্ছে। ৩ মার্চ সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।