শুধু বৈশাখ আয়োজনে নয়, বছরের যে কোন সময় মাটি বা বেতের পাত্রে খাবার পরিবেশন করেন অনেকেই। অনুষ্ঠানে অনেক অতিথির আনাগোনা, তাই খাবার পরিবেশনটা হওয়া দরকার ঝটপট। আর ঝটপট খাবার পরিবেশনের জন্য দরকার একবার ব্যবহারের তৈজস, যা একবার ব্যবহার করেই ফেলে দেওয়া যায়। তবে একবার ব্যবহারের তৈজসটা হওয়া দরকার সুলভ মূল্যের, আর দেখতে নান্দনিক হলে তো কথাই নেই। ভিন্ন ভিন্ন খাবারের জন্য পাত্রের আকার এবং ধরনগত ভিন্নতা থাকাটা গুরুত্বপূর্ণ—এমনটা জানা যায় ঢাকার নিউমার্কেটে একবার (ওয়ান টাইম ইউজ) ব্যবহারের তৈজস কিনতে আসা ফারা রহমানের কাছ থেকে। তিনি বলেন, ‘যেহেতু ধোয়া কিংবা মোছার ঝামেলা থাকে না, তাই ফিরনি, মিষ্টি খাবার, ভাত, খিচুড়ি পরিবেশনের জন্য প্লাস্টিকের পাত্র কিনলাম। আর মুড়ি, খই আর পান্তা-ইলিশ পরিবেশনের জন্য কম দামের মাটির সানকি ও বেতের ঝুড়ি কিনলাম।’মাটির সানকি আর ছোট বাটি কিনতে বেশি ভিড় লক্ষ করা যায়। ঢাকা কলেজের সামনের দোকানি শহিদ উল্লাহ জানান, এখন অনেকেই কিনছেন মাটির ছোট কিংবা বড় সানকি। কারুকার্য করা দামি পাত্রের চেয়ে একবার ব্যবহার করতে কম দামি আর কারুকার্য ছাড়া পাত্রই বেছে নিচ্ছেন অনেকে। দামদরমাটির সানকি বড়গুলো প্রতিটি ২০-৩৫ টাকা। মাঝারি আকারের সানকি পাবেন ১৫-২০ টাকায়। আর ছোট সানকি কেনা যাবে ৮-১০ টাকা প্রতিটি হিসেবে। বাঁশ আর বেতের তৈরি ঝুড়ি কিনতে পারবেন আকারভেদে ৪০-১০০ টাকা দরে।যেখানে পাওয়া যাবেঅপেক্ষাকৃত কম দামে একবার ব্যবহারের মাটির পণ্য নিউমার্কেট, কারওয়ান বাজার, ঢাকা কলেজ ও দোয়েল চত্বরের সামনে পাওয়া যাবে। বেত আর বাঁশের ঝুড়ি একই জায়গা থেকে কিনতে পারবেন।