রেসিপি

এভাবে কখনো দইবড়া বানিয়েছেন কি?

দইবড়া বানানোর খুব সহজ পদ্ধতির রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন।

দই বড়া

দই বড়া
ছবি : সুমন ইউসুফ

উপকরণ: মাষকলাই ডাল ১ কাপ, ভাজা জিরা, ধনে, শুকনা মরিচের গুঁড়া একসঙ্গে ২ চা–চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা–চামচ, টক দই ২ কাপ, তেঁতুলের চাটনি আধা কাপ, ধনেপাতার চাটনি ৪ চা–চামচ, ঝুরিভাজা আধা কাপ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো, ধনেপাতাকুচি ১ চা–চামচ, বিটলবণ আধা চা–চামচ।

প্রণালি: মাষকলাইয়ের ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখুন। পরের দিন মিহি করে বেটে নিন। বাটা ডাল খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা মুখ ঢাকা পাত্রে ঘণ্টা দুয়েক রেখে দিন। এবার টক দইয়ের মধ্যে বিটলবণ দিয়ে মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিন। এদিকে গরম ডুবোতেলে বাটা ডাল থেকে একটি একটি করে বড়া ভেজে তুলুন। হালকা করে ভাজতে হবে। ভেজে তুলে নিয়ে পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর পানি থেকে বড়াগুলো তুলে নিয়ে অন্য পাত্রে সাজিয়ে নিন। ওপরে ফেটানো দই ছড়িয়ে দিন। দেখবেন যেন বড়াগুলো ডুবে যায়। এবার এর ওপর তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, ঝুরিভাজা, ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন মজাদার দই বড়া।