বর্ণনায় যাওয়ার আগে চরিত্রগুলো জেনে নেওয়া যাক। অনু, সফটওয়্যার প্রকৌশলী; সাড়ে চার বছরের ছেলের মা। রেশমা, মানবসম্পদের বিভাগের বিশেষজ্ঞ। আর আমি, একান্নবর্তী পরিবারের খুদে সদস্য। চরিত্র তিনটির যোগসূত্র হলো যুগ পার করা বন্ধুত্ব। গত বছরের এমনই একটি সময় তিন কন্যার মনে হলো, গুপি-বাঘার মতো বেরিয়ে পড়া দরকার। ঠিক হলো, অনুর নানাবাড়ি বগুড়া যাব আমরা।
একদিন সকালে যাত্রা শুরু করলাম বগুড়ার উদ্দেশে। বাস চলছে। মাঝে বিরতি সিরাজগঞ্জের ফুড ভিলেজে। পরোটা, ডালভাজি আর ডিম খাওয়া হলো বেশ মজা করেই। দুপুর নাগাদ বগুড়া পৌঁছে গেলাম। এবার সিএনজিতে চেপে যেতে হবে মালিয়ানডাঙ্গা গ্রামে। সেখানেই অনুর নানাবাড়ি। গ্রামে যাওয়ার সবুজ-শ্যামল রাস্তাটা এককথায় চমৎকার। আমরা ‘চুপকথা’ হয়ে দুপাশের দৃশ্য দেখতে থাকলাম। দিগন্তজুড়ে ফসলের খেত, সবুজ গাছ।
পথে চোখে পড়ল করতোয়া। কবিতার করতোয়া আর নেই। মন খারপের এই অধ্যায় পুষিয়ে দিল মেঠোপথ। সিএনজি ছেড়ে এবার হাঁটার পালা। পুকুর ভরা কচুরিপানার বেগুনি ফুল পার হয়ে এবার এলাম নানার বাড়ি। তখন বেশ হইহই-রইরই ভাব। মাটির চুলায় রান্না চড়ে গেল। এল পিঠা, তেল মরিচ পেঁয়াজে মাখানো মুড়ি আর পায়েস। এগুলো শেষ হতেই উঠান থেকে ধরে আনা মুরগির ঝোল আর সুগন্ধি চালের ভাত টেবিলে তৈরি। খেতের তাজা সবজি ভাজি, ডাল আর কত কিছু। খাওয়া শেষে বসা নয়। গ্রাম দেখার পালা। আইল ধরে গেলাম বহুদূর।
পরদিন গেলাম মহাস্থানগড়। জায়গাটি বেশ পছন্দের আমার। দেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গেছে। অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে। সেখান থেকে চলে এলাম গোকুল মেদ। এই জায়গাটি পরিচিত আবার বেহুলার বাসরঘর নামেও।
মহাস্থানগড় বাসস্ট্যান্ড থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি বৌদ্ধমূর্তি, যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। এর উচ্চতা প্রায় ৪৫ ফুট। এর পূর্বদিকে ২৪ কোন বিশিষ্ট চৌবাচ্চাসদৃশ একটি স্নানঘরও আছে। পথে পড়ল প্রত্নতাত্ত্বিক জাদুঘর। মহাস্থান গড় খননের পর বিভিন্ন যুগের বিভিন্ন নিদর্শন এখানে রাখা আছে। এবার বেহুলার বাসরঘরের সামনের পানের দোকান দুটো বেশি নজরে পড়ে আমাদের। পানের নামগুলো চমৎকার। মহাস্থান বাসস্ট্যান্ড থেকে কিছু পশ্চিমে থাকা হজরত শাহ সুলতান মাহমুদ বলখীর (র.) মাজার শরিফও বাদ গেল না। এখানে শতবর্ষী একটি গাছ দেখে হঠাৎ অ্যাভাটার সিনেমার সেই গাছটার কথা মনে পড়ে গেল। সারা দিনের ঘোরাঘুরি শেষে ফিরে আসার পালা গ্রামের সেই ছোট্ট বাড়িটাতে। যে বাড়িতে বাস করে কিছু প্রাণখোলা মানুষ। যে মানুষগুলো পরম মমতায় জড়িয়ে নেয় চেনা-অচেনা মানুষগুলোকে। দিন শেষে তাই আকাশের কোটি তারার দিকে তাকিয়ে আমরা তিন বন্ধু বললাম, এর নামই বাংলাদেশ।