ডায়েট

ওজন কমাতে...

>
খাবারের পরিমাণ হতে হবে সঠিক। মডেল: অদ্রিতা, ছবি: অধুনা
খাবারের পরিমাণ হতে হবে সঠিক। মডেল: অদ্রিতা, ছবি: অধুনা
ওজন কমানোর জন্য ডিটক্স খুব ভালো কাজ করে। সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানিতে একটা লেবুর রস আর মধু মিশিয়ে খেতে পারেন

স্বাভাবিক জীবন যাপন করার আগ্রহ থেকে বাড়তি ওজন নিয়ে হতাশা নতুন কিছু নয়। অনেকেই মনে করেন ওজন একবার বেড়ে গেছে মানে এখানেই সব শেষ। তা কিন্তু একেবারেই নয়। বাড়তি ওজন কমানোর জন্য রয়েছে বেশ কিছু উপায়। এ ব্যাপারে পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, একবার পেট ভরে খেলে পরবর্তী সময়ে দুই ঘণ্টায় কিন্তু ক্ষুধা লাগার কথা নয়, যদি লাগে তাহলে এমন কিছু খেতে হবে, যা শুধু লো ক্যালরিরই নয়, যা পেটের সঙ্গে মনের ক্ষুধাও মেটাবে। অতিরিক্ত খেলেই ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে।

ওজন কমানোর ব্যাপারে পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ দিয়েছেন কিছু টিপস।

পর্যাপ্ত পানি পান
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত পর্যাপ্ত পানি পান করা দরকার। তাতে একদিকে যেমন শরীরে পানিশূন্যতার অভাব হবে না, অন্যদিকে তা ওজন কমানোর জন্যও ভালো। প্রতিদিন যদি দুই থেকে তিন লিটার পানি খাওয়া যায়, তবে এই অভ্যাস অকারণে খাবার খাওয়ার প্রবণতাও কমিয়ে দেবে। মনে রাখবেন পানি ওজন কামানোর জন্য উপকারী।

নিয়ম মেনে খাবার
শুধু ওজন কমানোর জন্যই নয়, সুস্থ থাকার জন্যও নিয়ম মেনে খাবার খেতে হবে। ওজন কমাতে চাইলে কার্বোহাইড্রেট গ্রহণের পরিমাণ কমাতে হবে। আর মিষ্টি বিশেষ করে চিনি জাতীয় খাবার একদমই বাদ দিতে হবে। নাশতায় ভাজাপোড়া না খেয়ে মৌসুমি ফল খাওয়া ভালো। সে ক্ষেত্রে ফলের ওজন বেশি হলে বা বড় হলে একবারে পুরোটা না খেয়ে দুবার খাওয়া যায়। নাশতা, দুপুর ও রাতের খাবার আগেভাগে খেলেই ভালো।

সঠিক পরিমাণে খাবার
একজন মানুষের সুস্থ থাকার জন্য কতটা খাবার প্রয়োজন, সেটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তাই পুষ্টিবিদের সঙ্গে কথা বলে সেটা ঠিক করে নেওয়াই ভালো। পরিমাণ ঠিক হয়ে গেলে তার চেয়ে বেশি না খেয়ে ঠিকমতো খান। একবারে না খেয়ে অল্প অল্প করে খাওয়া ভালো। খাবার খেতে ফলো করতে পারেন বুফে স্টাইল। প্লেটে সব খাবার নিয়ে হেঁটে হেঁটে খেতে পারেন। মোটকথা সময় নিয়ে খাবার খান। আর খাবার খাওয়ার মাঝখানে নয়, বরং খাওয়া শেষ করে তারপর পানি খাওয়া ভালো।

শারীরিক পরিশ্রম
ওজন কমাতে চাইলে শারীরিক পরিশ্রম খুবই জরুরি। আপনার উচ্চতা আর ওজন অনুসারে ঠিক কতটা ওজন কমাতে হবে, সেটা জেনে সে অনুসারে ব্যায়াম করা উচিত। সাধারণত সঠিক ওজন থাকলেও প্রতিদিন অন্তত আধা ঘণ্টা থেকে ৪৫ মিনিট হাঁটতে হবে। এ ছাড়া বাড়তি ওজন কমাতে চাইলে প্রতিদিন ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ২০ মিনিট হাঁটা, সর্বনিম্ন ১০ মিনিট যেকোনো ধরনের শারীরিক পরিশ্রম করতে হবে। সাঁতার কাটা বা সাইকেল চালানোর সুযোগ থাকলে সেসবও করা জরুরি।

ডিটক্স
ওজন কমানোর জন্য ডিটক্স খুব ভালো কাজ করে। সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানিতে একটা লেবুর রস আর মধু মিশিয়ে খেতে পারেন। কিংবা এক চা-চামচ জিরা, এক কাপ পানিতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে খালি পেটে খেতে পারেন। এ ছাড়া রাতে ঘুমানোর আগে হালকা গরম পানিতে দারুচিনির গুঁড়া আর মধু মিশিয়ে খেতে পারেন। তাতেও ওজন কমবে। সন্ধ্যায় শসার জুস খেতে পারেন। কালোজিরা গুঁড়ার সঙ্গে টকদই মিশিয়ে সেটা খেলেও ওজন কমবে।