ওয়াসার ট্যাংকভর্তি পানি না থাকলেও মঙ্গল গ্রহে আজকাল পানি পাওয়া যাচ্ছে! কী বিচিত্র ব্যাপার! পানির অভাব মেটাতে ওয়াসা কীভাবে তুড়ি বাজিয়ে মঙ্গল গ্রহের পানিতে ট্যাংক ভর্তি করে পুরো দেশকে ভাসিয়ে দিতে পারে, সে রকমই কিছু পদ্ধতির নমুনা দেখে নেওয়া যাক।

সুড়ঙ্গপদ্ধতি
আর কিছু পারি না-পারি, সুড়ঙ্গ খুঁড়তে আমরা যে ওস্তাদ, সেটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। সুড়ঙ্গ খুঁড়ে বিভিন্ন ব্যাংকের ভেতরে ঢোকা আমাদের জন্য মামুলি বিষয়। একই পদ্ধতি ব্যবহার করে পৃথিবী টু মঙ্গল সুড়ঙ্গ খুঁড়ে খুব সহজেই ওয়াসা ঢাকার বিভিন্ন জায়গায় পানি সরবরাহ করতে পারে। এমনকি মঙ্গলে মানুষ না থাকায় সেখানকার পানি আনার জন্য কাউকে কোনো ঘুষ বা ট্যাক্সও দিতে হবে না!
বাংলা সিনেমার সংলাপপদ্ধতি
কিংবদন্তিমতে বাংলা সিনেমার গরিব নায়কের আবেগভরা সংলাপ পাথরের চোখেও টিস্যু পেপারের ডলা লাগিয়ে ছাড়ে! তাই মঙ্গল গ্রহ থেকে পানি আনতে ওয়াসা এই বাংলা সিনেমার নায়কদের কাজে লাগাতে পারে। নায়ক শুধু ওয়াসার পানির মতো গাঢ় হৃদয় উথালপাতাল করে দেওয়া কয়েকটা সংলাপ আওড়াবেন মঙ্গল গ্রহের দিকে তাকিয়ে, ব্যস! আবেগ সামলাতে না পেরে মঙ্গল গ্রহ ঝরঝর করে কেঁদে দিয়ে সব পানি ছেড়ে দেবে। আর সেই পানিতে নিজেদের ট্যাংক ভর্তি করা ওয়াসার জন্য কোনো ব্যাপারই হবে না।
ফেসবুক ইভেন্ট-পদ্ধতি
বিয়ের দাওয়াত থেকে শুরু করে অস্ট্রেলিয়ান গরু দর্শন—এ যুগে সবকিছুর জন্য মানুষ ফেসবুকে ইভেন্ট খুলে সবাইকে ইনভাইট করে বেড়ায়। একই পদ্ধতি ব্যবহার করে ওয়াসা কোনো একটা অনুষ্ঠানের আয়োজনের ভুয়া ফেসবুক ইভেন্ট খুলে মঙ্গলের পানিকে ইনভাইট করতে পারে। সেই ইভেন্টে সাড়া দিয়ে মঙ্গলের পানি যখনই পৃথিবীতে আসবে, তখনই লোক লাগিয়ে ওয়াসা মঙ্গলের পানিকে অপহরণ করে ট্যাংকে বন্দী করে ফেলতে পারবে।
বানরের ঢিল ফেরতপদ্ধতি
একবার এক লোকের টুপি একদল বানর নিয়ে গাছের মগডালে উঠে গিয়েছিল। সেই টুপি উদ্ধার করতে টুপির মালিক লোকটা বানরগুলোর দিকে ঢিল ছুড়ে মেরেছিল। গাছের ওপর বানরগুলো ঢিল না পেয়ে লোকটার টুপি...
গল্পটা সবার জানা। গল্পের ওই ভদ্রলোকের পদ্ধতি অনুসরণ করে ওয়াসা মঙ্গল গ্রহের দিকে বুড়িগঙ্গার পচা পানি ছুড়ে মারতে পারে। এর বদলা নিতে মঙ্গল গ্রহও কিছু না পেয়ে তার পানিই ছুড়ে মারবে ওয়াসার দিকে। ফলাফল—ওয়াসার ট্যাংক মঙ্গলের পানিতে ভর্তি!
হ্যামিলিনের বাঁশিওয়ালাপদ্ধতি
মঙ্গল গ্রহ থেকে পানি আনতে ইঁদুর তাড়ানো সেই হ্যামিলিনের বিখ্যাত বাঁশিওয়ালাকে কাজে লাগাতে পারে ওয়াসা। এ পদ্ধতিতে ওয়াসা হ্যামিলিনের বাঁশিওয়ালাকে কোনোভাবে পটিয়েপাটিয়ে মঙ্গলে পাঠিয়ে দেবে পানি আনার জন্য। বাঁশিওয়ালা তার জাদুর বাঁশিতে সুর তুলে মঙ্গলের পানিকে ধিনতাধিনাক নাচাতে নাচাতে ওয়াসার ট্যাংকে এনে ফেলবে। তারপর সেই পানি ঘরে ঘরে সাপ্লাই দিতে কতক্ষণ?