
চেয়ার-টেবিল, খাবার প্লেট, ছুরি বা চামচ সব কিছুই পরিচিত। কিন্তু রেস্তোরাঁয় দেখতে যেমন ভালো লাগে, অনেক সময় বাসায় তেমনটা লাগে না। কেননা খাবার টেবিল সাজানোর নির্দিষ্ট কিছু নিয়ম আছে। আর সেই নিয়মগুলো জানিয়েছেন প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের রেস্তোরাঁ সার্ভিসের ব্যবস্থাপক লিও ডি সিলভা
যেভাবে সাজাবেন
রাতের খাবারের জন্য চারজনের একটি চারকোনা টেবিল সাজানোর কথা ধরা যাক।
শুরুতে টেবিলের চারপাশে চেয়ারগুলো বসিয়ে দিন। এবার টেবিলের আকারের চেয়ে কিছুটা বড় কাপড় টেবিলের ওপরে বিছিয়ে দিন। টেবিলের ঠিক মাঝখানে একটি ফুলদানি রেখুন। তার সামনে দুটি সুন্দর পাত্রে গোলমরিচ গুঁড়া ও লবণ রাখতে হবে। চেয়ারের সোজাসুজি সামনের দিকে টেবিলের ওপর প্লেস ম্যাট পেতে দিন। তার ওপর নকশা করা সুন্দর শোপিস প্লেট রেখে দিন। প্লেটের ডান পাশে একটি ছুরি আর বাঁ পাশে একটি কাটাচামচ রাখুন। এবার ডান পাশে ছুরির বাঁয়ে স্যুপ চামচ দিন, তার পাশে রাখুন আরেকটা খাঁজকাটা ছুরি। আর বাঁ পাশে আরেকটা কাটাচামচ রাখুন। তার পাশে একটা ছোট পিরিচ ও পিরিচের ওপরে ডান পাশ ঘেঁষে একটা ছুরি রাখতে হবে।
এবার প্লেটের ডান দিকে রাখা ছুরি ও চামচের সামনে ঠিক প্রথমে পানীয় বা ফলের রসের গ্লাস, তারপর পানির গ্লাস রাখুন, দুটি গ্লাস রাখতে হবে ৪৫ ডিগ্রি কোণে। এবার নকশাদার প্লেটের ওপরে একটা করে ন্যাপকিন বসাতে হবে। ন্যাপকিন ভাঁজ করতে পারেন নানা ধরনের ফুল, উড়োজাহাজ, পাখা ইত্যাদির মতো করে।
নান্দনিক ন্যাপপকিন
পাখা নকশার ন্যাপকিন বানাতে প্রথমেই ২০ x ২০ ইঞ্চি একটা কাপড় নিন (কাপড়ের আকার কম-বেশি হতে পারে)। এবার কাপড়টার মাঝ বরাবর একটা ভাঁজ দিন।
এবার লম্বা একটা পাশ নিজের দিকে নিয়ে ওপর-নিচ করে অর্ধেকের একটু বেশি কুচির মতো ভাঁজ করে নিন।
এবার কুচির ভাঁজ অংশের মাঝ বরাবর আরেক ভাঁজ দিয়ে ভাঁজ ছাড়া অংশ দিয়ে পেঁচিয়ে নিয়ে কুচি দেওয়া অংশ ছেড়ে দিন।
পাখা ভাঁজের ন্যাপকিনটা সামনের দিকে মুখ করে প্লেটের মধ্যে বসিয়ে দিন।
খেতে বসে
সাজানো খাবার টেবিলে খেতে বসে প্রথমেই চেয়ার টেনে বসুন। ন্যাপকিনটা খুলে নিয়ে নাভির নিচ থেকে নিচের দিকে ছেড়ে দিন।
এবার জুসের গ্লাসে চুমুক দিন বা স্ট্র থাকলে ব্যবহার করুন। এ ছাড়া বাঁ পাশের ছোট পিরিচ ও ছুরি দিয়ে বাটার ও রুটি খেতে পারেন। তারপর ছুরি ও কাটাচামচ দিয়ে অ্যাপিটাইজার পদ খেতে থাকুন।
এসব খাওয়া শেষ হলে স্যুপের চামচ দিয়ে স্যুপ খেতে পারেন।
মূল খাবারের পদ খেতে বেছে নিন আরেকটা ছুরি ও কাটাচামচ। এবার ডেজার্ট পদ খেতে পারেন। ডেজার্টের পর চা বা কফি দিয়ে শেষ হতে পারে রাতের খাবার।
খাওয়া শেষ হয়নি বোঝাতে চামচ ও ছুরি দুই দিকে ছড়িয়ে রাখুন। খাওয়া শেষ হয়েছে বোঝাতে ছুরি ও চামচ একসঙ্গে রাখুন।
গ্রন্থনা: হাসান ইমাম