গল্পটা প্রযুক্তি, উদ্যোগ কিংবা বন্ধুত্বের

দুই বন্ধু মীর শাহরুখ ইসলাম (বাঁয়ে) ও যাফির শাফিঈ চৌধুরী
ছবি: সুমন ইউসুফ

জেমস বন্ডের সাহস আর আইনস্টাইনের মগজ—দুটো যদি এক করা যায়, কেমন হয়? এই দুই ক্ষমতাকে এক করার স্বপ্ন বুকে নিয়ে যাত্রা শুরু করে বন্ডস্টাইন টেকনোলজি লিমিটেড। এর সহপ্রতিষ্ঠাতা দুই বন্ধু মীর শাহরুখ ইসলাম ও যাফির শাফিঈ চৌধুরী সম্প্রতি ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টি এশিয়া ২০২২’ তালিকায় স্থান করে নিয়েছেন। প্রতিবছরই সম্ভাবনাময় তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকদের নিয়ে এই তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী ফোর্বস।

প্রায় ১০ বছর ধরে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করছেন শাহরুখ ও যাফির। তাঁদের কাজ মূলত ‘ট্র্যাকিং ডিভাইস’ ও আইওটি (ইন্টারনেট অব থিংস) নিয়ে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে ২০১৬ সাল থেকে প্রযুক্তিসহায়তা দিতে শুরু করেন শাহরুখ-যাফিররা। আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রশ্ন সুরক্ষিত রেখে সারা দেশে পৌঁছে দিতে ব্যবহার করা হয় বন্ডস্টাইনের তৈরি বিশেষ বাক্স। নানা উদ্ভাবনী কার্যক্রমের সুবাদে গত বছর এক মিলিয়ন ডলার বিনিয়োগও পেয়েছে বন্ডস্টাইন।

১ জুন শাহরুখ ও যাফিরের সঙ্গে কথা বলতে হাজির হই তাঁদের অফিসে। আড্ডায় বসে মনে হলো, গল্পটা শুধু প্রযুক্তি কিংবা উদ্যোগের নয়, বন্ধুত্বেরও।

স্কুল থেকে শুরু

শাহরুখ আর যাফির—দুজনই ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে পড়েছেন। বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, নানা কিছুতে সরব ছিলেন তাঁরা। যাফিরকে দেখিয়ে মজা করে শাহরুখ বলছিলেন, ও ছিল সেলিব্রিটি কুইজার।

‘সেলিব্রিটি’ না হলেও স্কুলজীবনেই কুইজ প্রতিযোগিতার জন্য স্বয়ংক্রিয় বাজার (Buzzer) তৈরি করে মোটামুটি শোরগোল ফেলে দিয়েছিলেন যাফির। তাঁর তৈরি বাজার বাংলাদেশ টেলিভিশনের কুইজ প্রতিযোগিতায়ও ব্যবহৃত হয়েছিল।

উচ্চমাধ্যমিকেও দুই বন্ধুর শিক্ষাপ্রতিষ্ঠান ছিল এক—ঢাকা কলেজ। ছিলেন ঢাকা কলেজ সায়েন্স ক্লাবের সক্রিয় সদস্য। সেই সময় থেকেই সফটওয়্যার ডেভেলপমেন্ট, ভিডিও সম্পাদনা, অ্যানিমেশন, ওয়েব ডেভেলপমেন্টের মতো নানা ধরনের কাজ করতেন দুজন মিলে। শাহরুখের ভাষায়, ‘বড় ভাই কিংবা পরিচিতজনদের জন্য খ্যাপের কাজ বলতে পারেন।’ এই ‘খ্যাপের কাজ’ করেই কলেজপড়ুয়া দুই তরুণ প্রায় লাখখানেক টাকা জমিয়ে ফেলেছিলেন।

বিশ্ববিদ্যালয় পর্বে আর এক থাকা গেল না। দুজনের ক্যাম্পাস হয়ে গেল দুইটা। শাহরুখের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) আর যাফিরের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সে সময় তাঁদের মনে হলো, ‘খ্যাপের কাজ’ থেকে তো ভালোই আয় হচ্ছে, প্রযুক্তিসহায়তা দেওয়ার মতো একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেললে কেমন হয়? আইইউটি আর বুয়েট ক্যাম্পাসের মাঝামাঝি, বারিধারায় অফিস নিলেন তাঁরা। প্রতিষ্ঠানের নাম দিলেন সিঙ্গুলারিটি।

স্টিভ জবসের সেই বক্তৃতা

‘আমরা ভাবতাম, কোম্পানি খুলতে হলে একটা নাম দিলেই হয়। ধীরে ধীরে বুঝলাম, কাজটা সহজ নয়। কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, ভ্যাট-ট্যাক্সের ব্যাপার আছে, অনেক রকম কাগজপত্র লাগে,’ বলছিলেন শাহরুখ।

স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়া দুই তরুণের এত সব খুঁটিনাটি জানার কথাও নয়।

আইইউটি আর বুয়েটে পড়ে, পড়ালেখার চাপ সামলে এত কিছু করতেন কখন? যাফির হাসলেন। বললেন, ‘কী যে কষ্ট হয়েছে! সকাল সাতটায় ভার্সিটিতে যাওয়ার জন্য বের হতাম। বিকেল পর্যন্ত ক্লাস করে, বাসে ঝুলে ঝুলে বুয়েট ক্যাম্পাস থেকে যেতাম বারিধারায়। সেখানে রাত একটা-দুইটা পর্যন্ত অফিস করে, বাসায় ফিরে আবার অ্যাসাইনমেন্ট করতাম, পরীক্ষার প্রস্তুতি নিতাম।’ শাহরুখের রুটিনও ছিল অনেকটা একই রকম। শুধু বাসরুটটা ভিন্ন—গাজিপুর টু বারিধারা।

প্রকৌশলের ছাত্র হলেও দুই বন্ধুর মাথায় ঢুকে ছিল ব্যবসার পোকা। আর তাঁদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। শাহরুখ বলছিলেন, ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তনে স্টিভ জবস একটা বক্তৃতা দিয়েছিলেন। এই বক্তৃতা আমাদের ভীষণ নাড়া দিয়েছিল। তিনি বলেছিলেন, “ইউ ক্যান নট কানেক্ট দ্য ডটস লুকিং ফরওয়ার্ড। ইউ ক্যান ওনলি কানেক্ট দেম লুকিং ব্যাকওয়ার্ডস।” আমাদের বিশ্বাস ছিল, এই যে এত পরিশ্রম করছি, পড়ালেখা করছি, ব্যবসা করছি, ভবিষ্যতে কোনো না কোনো দিন এর ফল পাব।’

এখন পেছনে ফিরে তাকালে শাহরুখরা বুঝতে পারেন, সেই যে প্রোগ্রামিংয়ের আগ্রহ, ক্লাবের মাধ্যমে নেটওয়ার্ক গড়ে তোলা কিংবা বিতর্কচর্চার মাধ্যমে নিজের ভাবনা সঠিকভাবে উপস্থাপন করতে শেখা—এসব বিন্দু মিলেই তৈরি হয়েছে তাঁদের জীবনরেখা।

প্রকৌশলের ছাত্র হলেও দুই বন্ধুর মাথায় ঢুকে ছিল ব্যবসার পোকা

বন্ডস্টাইনের বেড়ে ওঠা

‘শুরু থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম, সব কাজ নিজেদের হাতে নেব না। আমরা ম্যানেজমেন্টটা দেখব, ব্যবসার দিকটা দেখব। কাজ করার জন্য অন্য লোক ভাড়া করব,’ বলছিলেন শাহরুখ।

শুরুর দিকে সিঙ্গুলারিটির বড় গ্রাহক ছিল বিজ্ঞাপনী সংস্থা—স্পেলবাউন্ড। ২০১২ সালের ডিসেম্বরে স্পেলবাউন্ডের মাধ্যমে গুগলের ব্র্যান্ডিংয়ের জন্য একটা রোবট তৈরির কাজ পেয়েছিলেন শাহরুখ-যাফিররা। মানুষ চিনতে পারে, কথা বলতে পারে, একটু-আধটু নড়াচড়া করতে পারে—এমন এক রোবট বানিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন তাঁরা। তখন থেকেই স্পেলবাউন্ডের সঙ্গে তাঁদের সখ্য। ‘স্পেলবাউন্ডের সাদমান ভাই, রুম্মান ভাই, রেজা ভাই—পার্টনারের চেয়েও বেশি, তাঁরা ছিলেন আমাদের মেন্টর। ব্যবসা কীভাবে করতে হয়, আমরা তাঁদের কাছ থেকে শিখেছি। ২০১৪ সালে তাঁদের সঙ্গে পার্টনারশিপেই আমরা চালু করি বন্ডস্টাইন।’

দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধানের সুবাদে এরই মধ্যে ২০১৯ ও ২০২০ সালে পরপর দুইবার বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছে বন্ডস্টাইন। আইওটি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৯ সালে পেয়েছে এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ড (এপিকটা)। বাংলাদেশের রানার গ্রুপের রানার ট্রেডিং লিমিটেডের মাধ্যমে গত বছর এক মিলিয়ন ডলার (প্রায় ৯ কোটি টাকা) বিনিয়োগও পেয়েছে তারা।

বয়স ৩০ পেরোনোর আগেই একটি মিলিয়ন ডলার কোম্পানির শীর্ষস্থানীয় পদে জায়গা করে নিয়েছেন দুই প্রকৌশলী। তবে এখনো সুযোগ পেলেই ফিরে যান স্কুল-কলেজের ক্লাবগুলোয়। কারণ, তাঁরা বিশ্বাস করেন, তাঁদের বেড়ে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছে ক্লাবের সেই সহশিক্ষা কার্যক্রম।

জেমস বন্ডের সাহস আর আইনস্টাইনের মস্তিষ্ক এক করতে চেয়েছিলেন দুই তরুণ। আদতে সহশিক্ষার অভিজ্ঞতা আর শিক্ষার জোরই তাঁদের এগিয়ে দিয়েছে।