টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ ছাড়া নাকি কোনো সেবা মেলে না। তবে এমন কিছু ব্যাপার আছে, যেগুলো ঘুষ দিয়েও পাওয়া সম্ভব নয়। উদাহরণ দিচ্ছেন আন্ নাসের নাবিল ও আশফাকুর রহমান
■ শিশুদের ছোটখাটো ঘুষ দিয়েও শাকসবজি খাওয়ানো সম্ভব নয়।
■ রিকশাওয়ালাকে ঘুষ দিতে চাইলেও তাঁর ইচ্ছার বাইরে কোনো গন্তব্যে যেতে রাজি করানো অসম্ভব।
■ কিছু মানুষের ‘হা হা’ রিঅ্যাকশনের অতিরিক্ত ব্যবহার ঘুষ দিয়েও থামানো যাবে না। এ রকম প্রস্তাব হয়তো তারা হেসেই উড়িয়ে দেবে।
■ বিশ্ববিদ্যালয়ে সকাল আটটার ক্লাস পেছানোর জন্য কাউকে ঘুষ দিয়েও কোনো ফল পাওয়া সম্ভব নয়।
■ অসহনীয় মাত্রায় ঘুষ দিলেও বোধ হয় বাসচালকেরা নিয়ম মেনে গাড়ি চালাবেন না।
■ ট্রিট দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য সেধে ঘুষ দিতে চাইলেও হয়তো কিছু মানুষ ঘুষ না নিয়ে ট্রিটই নিতে চাইবে।
■ কোনো সহজাত ঘুষখোর বাড়িওয়ালাকে ঘুষ দিতে চাইলেও নিশ্চিতভাবেই ব্যাচেলর ভাড়া দেওয়ার ব্যাপারে তাকে রাজি করানো যাবে না।
■ বৃষ্টি হওয়ার পরও ঢাকার সড়কগুলো নদীতে পরিণত না হওয়া হয়তো সম্ভব; কিন্তু এখনকার তরুণসমাজকে ঘুষ দিয়েও ফেসবুক ব্যবহার থেকে দূরে রাখা সম্ভব নয়।
■ ঘুষ খাওয়া নেশা এবং পেশা হিসেবে যেভাবে কিছু মানুষের রক্তে মিশে গেছে, ঘুষ দিয়েও তাদের ঘুষ খাওয়ার অভ্যাস থামানো যাবে না।
■ লেখা পড়ে হাসার জন্য রস+আলোর পাঠকদের ঘুষ দিলেও সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা নেই বললেই চলে।