
সুন্দর চুল কে না চায়? চুল আঁচড়াতে প্রতিদিনই চিরুনি ব্যবহার করা হয়। প্রাচীন যুগে পাথর কেটে তৈরি করা হতো চিরুনি। এখন চিরুনি তৈরি হয় নানা উপাদানে। আর চিরুনিরও আছে নানান রকম। মেয়ের চিরুনি এক রকম, মায়ের চিরুনি আবার আরেক রকম। ছেলেদের বেলাতেও তাই। আবার সেলুন বা পারলারের চিরুনি আলাদা। সবকিছুর ওপরে চুলের যত্নে প্রয়োজন সঠিক চিরুনি। না হলে হয়ে যাবে হিতে বিপরীত।
রূপ বিশেষজ্ঞ কাজী কামরুল ইসলাম বলেন, ‘চুল পড়া আর ভাঙা—অনেক ক্ষেত্রেই ভুল চিরুনি বা হেয়ার ব্রাশ ব্যবহার করার জন্য হয়ে থাকে। নিয়মিত তিনবেলা সাধারণ চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, তা যেন প্লাস্টিকের চিকন চিরুনি না হয়।’ তিনি জানালেন কোন চিরুনির কী ব্যবহার।
সাধারণ চিরুনি
এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ও কম দামের চিরুনি। এটি পানিশোধক না এবং ঠিকমতো ব্যবহার করলে সহজে ভাঙে না। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে চুলে এই চিরুনি ব্যবহার করতে পারেন। এই চিরুনি দিয়ে দিনে তিনবেলা আঁচড়ালে চুলে জট হবে না এবং চুল থাকবে ঝলমলে।
প্রশস্ত দাঁড়ের চিরুনি
যাঁদের চুলে সহজেই জট পড়ে, তাঁরা এ ধরনের চিরুনি ব্যবহার করুন। মোটা দাঁড়ের ফলে সহজেই চুলের জট খুলে যায়। এ ছাড়া এ ধরনের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুলের জট অনেক কম হবে, যা সাধারণ চিরুনি ব্যবহার করলে বেশি হয়।
সরু দাঁড়ের চিরুনি
এ ধরনের চিরুনি সরু দাঁড়ের হয় এবং এর সঙ্গে হাতল থাকে। লম্বা হাতল চুলের সিঁথি করতে, বিশেষ ধরনের হেয়ার স্টাইল বা চুল পাফ করতে সাহায্য করে।
লম্বা দাঁড়ের চিরুনি
লম্বা চুল সহজে জটমুক্ত করতে এ ধরনের চিরুনি লাগবে। লম্বা চুল ছাড়াও ফ্রিজি হেয়ারের জন্যও এটা ব্যবহার করতে পারেন।
প্যাডল চিরুনি
এটি আয়তাকার চিরুনি। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এই চিরুনি। চুল নরম ও রেশমি করে তুলতে এ ধরনের হেয়ার ব্রাশ ব্যবহার করা হয়। কিন্তু যাঁদের মাথায় চুল কম, এই চিরুনি ব্যবহার না করাই ভালো। কারণ, এটা চুলের ভলিউম কমিয়ে দেয়। এই ব্রাশটি মাঝারি থেকে লম্বা চুলের জন্য উপযুক্ত।
ড্রেসার চিরুনি
সচরাচর আমরা এ ধরনের চিরুনি ব্যবহার করে থাকি। এর একদিকে থাকে মোটা দাঁড়, অন্যদিকে সরু দাঁড়।
রাউন্ড ব্রাশ
চুল ব্লো ড্রাই করতে এ ধরনের ব্রাশ ব্যবহার করা হয়। এই ব্রাশ দিয়ে চুল আঁচড়ালে চুল ফেঁপে ওঠে। এ ছাড়া এই ব্রাশ দিয়ে চুল ভেজা অবস্থায় কোঁকড়া করা যায়।
পিন ব্রাশ
এটি ধাতব পিনযুক্ত ডিম্বাকৃতির চিরুনি। ধাতব পিনগুলো ঘন চুলের ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে। এই চিরুনিটি ঘন ও কোঁকড়া চুলের জন্য সবচেয়ে ভালো।
গ্রন্থনা: জেনিফার কামাল