কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন অনেকেই। তাঁদের মধ্য থেকে আমরা বিশেষ এক নন্দলালকে বেছে নিয়েছি, যিনি একজন আদর্শ ফেসবুক সেলিব্রিটিও বটে। গত সপ্তাহটি কীভাবে কাটালেন তিনি? ফেসবুকে তাঁর স্ট্যাটাস ঘেঁটে সার্বিক চিত্র তুলে ধরলেন এইচ এম ফজলে রাব্বী
৮ মার্চ ২০১৮
বেলা ১১টা ৪২
শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ থাকায় কোটা সংস্কার আন্দোলনে সশরীরে অংশ নিতে পারছি না। কিন্তু আপনারা জানেন, আমি অত্যন্ত সাহসী একজন মানুষ। দেহটা বাসায় থাকলেও মন তো শাহবাগে। কোটাবৈষম্যের প্রতিবাদস্বরূপ আমি আজ সারা দিন ইনস্টাগ্রাম ওপেন করব না। তবে আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ খোলা থাকবে।
৮ মার্চ ২০১৮
রাত ৮টা ৩০
দেশের পরিস্থিতি ভালো নয়। শাহবাগে গোলাগুলি হচ্ছে। আমি মহাখালী থেকেও গুলির স্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছি। আপনারা আমাকে নিয়ে ভয় পাবেন না। আমি নিরাপদে আছি। একটু পরপর বিভিন্ন ফেসবুক গ্রুপে শাহবাগের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের স্ট্যাটাস থেকে আন্দাজ করে একদম অথেনটিক পোস্ট দেব। আমার সঙ্গেই থাকুন।
৯ মার্চ ২০১৮
রাত ১২টা
আমার এক ভাই মারা গেছেন এই আন্দোলনে। তিনিই প্রথম শহীদ এই আন্দোলনের। ভাই, তোমার রক্তের সম্মান আমি রাখব। আমার ভাইয়ের রক্তে রাঙানো...। বুক ফেটে আসছে কান্নায়, কিন্তু ভাই, তোমার রক্ত দেখে আমি কাঁদছি না। আমি পেয়েছি সাহস। সবাই আমার শহীদ ভাইটির কথা শেয়ার করুন।
৯ মার্চ ২০১৮
১২টা ৩০
আমার বেশ কিছু ফলোয়ার ইনবক্সে/কমেন্টে সেই ভাইয়ের মৃত্যুর খবরের অথেনটিক সোর্স জানতে চাইছেন। আমি তাঁদের বলছি, এই কথা আমার পাশের রুমের বড় ভাই বলেছেন। তিনি মিথ্যা তথ্য দেবেন না। আমাকে নিজ মুখে বলেছেন, এক কমেন্টে দেখেছেন যে ভাইটি মারা গেছে। এ দেশের মিডিয়া খবরটা পাবলিশ করছে না।
৯ মার্চ ২০১৮
রাত ১টা
আপনারা কেউ গুজবে কান দেবেন না। বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখুন। কেউ মারা যায়নি। এসব গুজবে কান দেবেন না। দেশের পরিস্থিতি স্বাভাবিক আছে। আমি ছাগলনাইয়া থানায় পোস্টেড আমার বন্ধুর বড় ভাইয়ের সঙ্গে চ্যাট করেছি। তিনি বলেছেন, কিছু দুষ্কৃতকারী এসব খবর ছড়াচ্ছে।
৯ মার্চ ২০১৮
রাত ২টা ৩০
পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কাল সকালে দেখা হবে রাজপথে। আপনারা ভয় পাবেন না। আমি সুস্থ আছি। আমার কিছু হয়নি। পেটে একটু গ্যাস হয়েছে। অ্যান্টাসিড খাচ্ছি।
৯ মার্চ ২০১৮
দুপুর ১২টা
প্রচণ্ড আতঙ্কে আমার ফ্রেন্ডলিস্টের অনেক মেয়ে ফ্রেন্ড সারা রাত ঘুমাতে পারেনি। তাই সারা রাত চ্যাট করে ও ভিডিও কল দিয়ে তাদের সাহস দিয়েছি। শেষ রাতে ঘুমিয়ে যাওয়ায় উঠতে একটু দেরি হয়ে গেছে। আর এখন শাহবাগের দিকে যাওয়া নিরাপদ মনে করছি না। মনের প্রতিবাদই আসল প্রতিবাদ।
৯ মার্চ ২০১৮
রাত ১০টা
সারা দিন অনেক ব্যস্ত ছিলাম কোটা সংস্কার আন্দোলন নিয়ে। পেজে পেজে গিয়ে #BBC, #CNN #VOA কমেন্ট করতে ব্যস্ত ছিলাম। আপনারাও এখন এভাবে কমেন্ট করে বহির্বিশ্বে খবর ছড়িয়ে দিন। কমেন্টের শেষে অবশ্যই কালেক্টেড ফ্রম লিখে আমার নাম লিখবেন।
১০ মার্চ ২০১৮
রাত ১টা
শাহবাগ এলাকা রণক্ষেত্র। ভিসির বাসা ভাঙচুর। ভিসি সাহেবের খুব কাছের একজন আমাকে জানিয়েছেন, সেখানের অবস্থা প্রচণ্ড খারাপ। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কাল সশরীরে যাব শাহবাগে। বিদায় দে মা ঘুরে আসি। আমি ডরাই না কাউকে। যুদ্ধে যাব কাল।
১০ মার্চ ২০১৮
সকাল ১০টা
শাহবাগ এলাকা এখন আমাদের দখলে। আমরা ছাত্ররাই আসল শক্তি। কিসের পুলিশ। আজও অসুস্থতার কারণে আমি বাসায় কিন্তু মন শাহবাগে। যেন প্রতিটা স্লোগান আমার গলা দিয়েই বের হচ্ছে।
১০ মার্চ ১৮
বেলা ২টা
চারপাশে আমাদের বিজয়ের প্রতিধ্বনি। আমি বিভিন্ন ফেসবুক লাইভ দেখে জীবন বাজি রেখে আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।
১১ মার্চ ২০১৮
রাত ১২টা ১৫
ঢাবির এক হলে আন্দোলনকারীর রগ কেটে দেওয়া হয়েছে! সবাই শেয়ার করুন।
১১ মার্চ ২০১৮
রাত ২টা
সেই নেত্রী বহিষ্কার। তবে রগ কাটেনি। পায়ে কাচ লেগে কেটেছে।
১১ মার্চ ২০১৮
বেলা ১১টা
গত রাতের ঘটনার পর আজ শাহবাগে যাওয়াই যাচ্ছে না। আমি নিজ চোখে ফেসবুক লাইভে দেখছি। সবাই আসুন। যোগ দিন।
১১ মার্চ ২০১৮
বিকেল ৪টা
বিজয় হলো আমাদেরই। আমরাই জিতলাম।
১১ মার্চ ২০১৮
রাত ১০টা
আপনারা যাঁরা বলছেন, ‘বিজয় আমাদেরই’, তাঁরা বুঝতে পারছেন না বিজয় হয়নি আসলে। আমাদের সংবিধানের অমুক অমুক ধারা অনুযায়ী এই ঘোষণা অসাংবিধানিক। অথেনটিক সোর্স থেকে এইমাত্র জানলাম, এতে নাকি গোটা সংবিধানই বদলে যাবে।
১২ মার্চ ২০১৮
বেলা ১টা
একদিন ছেলেমেয়েদের বলতে পারব, বুঝেছিস, আমিও ছিলাম এই আন্দোলনে। তোদের বাবা ছিল ইতিহাসের এক নায়ক।