১৭ নভেম্বর মঙ্গলবার, ১৯৮৭ সাল। স্কুলের দ্বিতীয় ঘণ্টার পর রত্না দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ‘বাড়িতে চল, তোর মা এসেছে।’অনেকক্ষণ কিছু বলতে পারলাম না। মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। কী করব, বুঝতে পারছিলাম না। তার পরই দিলাম দৌড়। কত দিন এত জোরে দৌড়াই না! ইচ্ছে করছিল, একপলকে ছুটে যাই। সামনে ছাপরা মসজিদ, তার পরই বাজার। দৌড় থামিয়ে দ্রুত হাঁটছি আর ভাবছি, কীভাবে কেটেছে গত ১৫টি বছর?মুক্তিযুদ্ধে বাবা শহীদ হলেন। বছর না ঘুরতেই এক ঘুঘুডাকা ভরদুপুরে আমাকে একা ফেলে মা-ও চলে গেলেন। আমার বয়স তখন আড়াই বছর। শুনেছি, বাবার সঙ্গে নাকি মায়ের খুব একটা বনিবনা ছিল না। মায়ের অমতে জোর করেই তাঁর দ্বিতীয় বিয়ে হয়েছিল। তার ওপর এত অল্প বয়সে বিধবা, তাঁরও তো একটা জীবন আছে। কিন্তু আমি তো তাঁর সন্তান, আমাকে কি নিয়ে যেতে পারতেন না? মায়ের ওপর অভিমান হয়েছিল খুব। আমার ঠিকানা হলো বড় কাকার বাসায়। বছর তিনেক না যেতেই ওখানে অতিরিক্ত হয়ে গেলাম। দাদি ছিলেন বলে রক্ষা। পরবর্তী সময়ে মেজ কাকার বাসায়। মায়ের ভালোবাসা কেমন হয়, জানি না। কিন্তু মেজ কাকির কাছে যতখানি স্নেহ-ভালোবাসা পেয়েছি, আর কারও কাছেই তা পাইনি। তাঁকেই ‘মা’ ডাকতাম। কিন্তু সেই মানুষটাও মাত্র দেড় বছরের মাথায় পৃথিবী ছেড়ে চলে গেলেন। অনেকেই বলল, ‘তুই-ই অলক্ষ্মী, আর কাউকে মা ডাকবি না। তোর ভাগ্যে মা নেই।’ তারপর আর কোনো দিন কাউকে মা ডাকিনি।আমার স্কুলজীবন শুরু হয়েছিল অপেক্ষাকৃত একটু বেশি বয়সে। প্রথম দিনই হেড স্যারকে বলা হলো, ‘ওকে ফেলে ওর মা চলে গেছে, বাবা মরেছে গণ্ডগোলে। একটু দেখে রাখবেন।’ তিনি চোখ তুলে তাকালেন। পরিবারের বাইরে প্রথম কারও করুণার দৃষ্টি দেখলাম। স্কুলের সবার কত নতুন নতুন জামাকাপড়, মামা-খালা, চাচা-ফুপুদের ভালোবাসা, আদর-আহ্লাদ, আনন্দ-আবদারের গল্প! নীরবে শুনতাম। আমার কোনো গল্প নেই। রত্না আমার চাচাতো বোন হলেও আপন বলেই পরিচয় দিতাম, কিন্তু সে বলত অন্য কথা। শুধু রত্না কেন, পরিবারের অনেকেই আমার অসহায়ত্বের কথা বাইরের মানুষকে বলতে পছন্দ করত। প্রথম প্রথম একা একা কাঁদতাম আর ভাবতাম, আপন হতে চাইলেই কি কারও আপন হওয়া যায়?তখন ক্লাস ফোরে পড়ি। একদিন সমাজ বিজ্ঞান ক্লাসে সালেহা ম্যাডাম ব্ল্যাকবোর্ডে লিখতে বললেন, কাদের কাদের নিয়ে পরিবার হয়? লিখলাম: চাচা-চাচি, চাচাতো ভাই-বোনদের নিয়ে পরিবার হয়। সবাই হাসছে। ওরা হাসছে কেন? আমার মাথায় ঢুকছিল না। ম্যাডামের কড়া ধমকে চমকে উঠলাম। তিনি আমাকে কাছে ডাকলেন। ভয়ে ভয়ে গেলাম। আমার মুখের দিকে তাকিয়ে জড়িয়ে ধরলেন, অনেকক্ষণ। তারপর ভেজা গলায় বললেন, ‘যা, জায়গায় গিয়ে বস।’ কেন জানি যেতে পারছিলাম না। এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীটাকে অন্য রকম লাগছিল। বয়ঃসন্ধির প্রথম দিনটাও ছিল অন্য রকম। ভীষণ ভয় পেয়েছিলাম। কার কাছে বলব? কী করব? কিছুই বুঝতে পারছিলাম না। লজ্জায়, ভয়ে ঘরের কোনে মুখ লুকিয়ে ছিলাম। পরবর্তী সময়ে বান্ধবীদের কাছে শুনেছি, এ সময় মায়েরা অনেক সাহায্য করে। আমার বড় হওয়াটা আপনজনদের কারও চোখে না পড়লেও বখাটেদের চোখ এড়ায়নি। কী কুৎসিতভাবে তাকাত! বিশেষ কিছু পোশাক-আশাকের তখন খুব দরকার। কিন্তু কাকে বলব? কাউকেই বলতে পারিনি। বুকে বই চেপে নতমুখে স্কুলে যাওয়া আসা করেছি। অনেক দিন...।উঠোনের পেয়ারাগাছটা দেখা যাচ্ছে। বাড়ির কাছাকাছি চলে এসেছি। মাকে নিয়ে কত স্বপ্ন দেখতাম! মা এসে যদি একদিন চুলে বেণি বেঁধে দিতেন! বিলি কেটে আঁচড়িয়ে দিতেন! মা আজ এসেছেন। মায়ের চেহারা মনে করার চেষ্টা করছি। তাঁর কোনো স্মৃতিই আমার নেই। কিছুই মনে করতে পারলাম না। টিনের গেটের কাছে থমকে দাঁড়ালাম। ভেতরে উচ্চ শব্দ, দাদি ধমকের স্বরে বলছেন, ‘এত দিন কোথায় ছিলে? এখন কেন কান্না করতে এসেছ...?’ মেজ কাকা আরও চড়া গলায় বললেন, ‘এই সব কান্নাকাটি ভালো লাগছে না। অনেক হয়েছে...।’মা কাঁদছেন। কী করুণ সেই কান্না! ইচ্ছে করছে, গেট খুলে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ি। আবার মনে হচ্ছে, দাদি, মেজ কাকা যদি কিছু মনে করেন! জানতে ইচ্ছে করছে, মা কি আমাকে নিয়ে যাবেন নাকি শুধু দেখতে এসেছেন? ভয় হচ্ছে, আবার যদি আমাকে ফেলে মা চলে যান...!এই গল্পটা আমার নিজের নয়। কিন্তু এই ঘটনাগুলো খুব সত্যি। গল্পের পাত্র-পাত্রীরাও আমার খুব চেনা। মা দিবসে মাকে নিয়ে লিখতে গিয়ে এই গল্পটাই কেন যেন মাথায় এল। শাখাওয়াৎ নয়নঅস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত।nayonshakhawat@yahoo.com