
পোশাকের সঙ্গে মিলিয়ে কেনা হবে ব্যাগ ও জুতা। এ নিয়মটা বোধ হয় আর চলছে না। পছন্দসই জুতা ও ব্যাগ দেখলেই কিনে ফেলা হয় আজকাল অনেকের। তার সঙ্গে মিলিয়ে চলে পোশাক বাছাই। বাজার ঘুরে দেখা গেল, এবার ব্যাগ ও জুতার নকশায় এসেছে বেশ নতুনত্ব। ফ্যাশনে যে ধরনের পোশাকের চল এসেছে, তার সঙ্গে মিলিয়েই নিতে পারবেন ঈদের জুতা ও ব্যাগ।
কথা হলো লা মোডের ক্রিয়েটিভ হেড ফাহমিদা ইসলামের সঙ্গে। স্যান্ডেল ও জুতার নকশায় এবার জমকালো ভাব ফুটে উঠবে, জানালেন তিনি। এখন নাগরা খুব চলছে। লা মোডের ঈদ সংগ্রহে রয়েছে ফিউশনধর্মী কিছু নাগরা, যা দেশি এবং পশ্চিমা—দুই ঘরানার পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে। পার্টিতে পরার জন্য পাবেন জুয়েল হিলের জুতা, অর্থাৎ জুতার হিলেও থাকছে মুক্তা, পাথরের কাজ। এ ধরনের জুতাগুলো জমকালো শাড়ি, কামিজ ও গাউনের সঙ্গে বেশ মানাবে।
চলতি ফ্যাশন ধারায় ব্লক হিল বেশ জনপ্রিয়। এ ছাড়া প্ল্যাটফর্ম হিল এবং ব্যালেরিনা জুতা চলবে এই ঈদেও। বাজারে নানা রকম পাম্প শুসও দেখা যাচ্ছে এবার। ফ্যাশনে এবার নতুন সংযোজন লেডিস লোফার। লা মোডে জুতার সঙ্গে ব্যবহারের জন্য রাখা হয়েছে আলাদা কিছু অনুষঙ্গ। পাথর, বো ও চুমকির এই অনুষঙ্গগুলো ক্লিপের মতো লাগানো ও খোলা যাবে। কাজেই এক অনুষঙ্গ অনেক জুতার সঙ্গেই ব্যবহার করতে পারবেন।
এখন সামনের দিকে বন্ধ এবং ফিতাওয়ালা জুতার চল। বেশির ভাগ জুতারই সামনের দিকটা চোখা। ব্যালেরিনার মধ্যে ফুলেল, জ্যামিতিক, জংলি প্রিন্ট ইত্যাদি নানা রকম নকশা দেখা যাচ্ছে। এবার কিছু জুতায় লেস ও জারদৌসি কাজও আছে। গ্ল্যাডিয়েটর জুতাও এবার চলবে বলে ধারণা করা হচ্ছে। ট্রেন্ডি চাপা প্যান্টের সঙ্গে এটি খুব মানানসই।
ফ্যাশন হাউস আড়ং এবার সোনালি রং এবং ফোক থিমের ওপরেই মূলত কাজ করেছে। মিডিয়াম হিল এবং ফ্লাট স্যান্ডেল আছে সংগ্রহে—জানালেন ডিজাইন বিভাগের সহকারী ব্যবস্থাপক মনোজ বড়ুয়া। বরাবরের মতো এবারও স্যান্ডেলের উপাদানে চামড়ার ওপর প্রাধান্য দিয়েছেন তাঁরা, ব্যবহার করা হয়েছে পাথর বা সুতার কাজ। আড়ংয়ে চামড়ার ওপর ডিজিটাল প্রিন্টের একধরনের পাম্প শুর আনা হয়েছে এই ঈদে।
আড়ংয়ের পার্স বা ক্লাচেও এবার সোনালি রঙের ব্যবহার চোখে পড়ছে। অলংকৃত কিছু পার্স রয়েছে, যা পার্টি পোশাকের সঙ্গে ভালো লাগবে আবার নৈমিত্তিক ব্যবহারের উপযোগী কিছু ক্লাচও রয়েছে সংগ্রহে। এখন বাক্স আকৃতির পার্স খুব ট্রেন্ডি বলে জানালেন মনোজ বড়ুয়া। সাধারণত পোশাকে যে ধরনের কাপড় ও নকশা দেখা যায়, তা-ই এখন ব্যাগের নকশায় ফুটে উঠছে। নকশিকাঁথা, এমব্রয়ডারি, লেস, জারদৌসি, কাটওয়ার্কের নকশা থাকছে এবারে বেশির ভাগ ক্লাচের নকশায়।
ব্যাগের অনলাইন দোকান সিয়াকার ডিজাইনার ফাহমী আহমেদের সঙ্গে কথা বলে জানা গেল, এখন খাম আকৃতির পার্সও খুব চলছে। গতানুগতিক আকৃতি থেকে বের হয়ে ব্যাগের আকৃতি ও নকশায় নতুনত্ব খোঁজার চেষ্টা করছেন তরুণীরা। বিভিন্ন রকম কাপড় ও রেক্সিনের ব্যাগ পাবেন তাঁদের সংগ্রহে। শক্ত আবরণের ধাতব ব্যাগ এখন তেমন একটা চলছে না বলেই জানা গেল। পোশাকের রঙের সঙ্গে হুবহু না মিলিয়ে বিপরীত কোনো রঙের ব্যাগেই বেশি ভালো দেখাবে বলে মনে করেন ফাহমী। ছিমছাম নকশার কোনো পোশাকের সঙ্গে নজরকাড়া কোনো পার্স নিয়ে যেকোনো দাওয়াতে উপস্থিত হতে পারেন।
ফ্যাশনেবল জুতা ও ব্যাগ পাবেন ঢাকার এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, চাঁদনী চক, বাটা, এপেক্স, লা মোড, বে এম্পোরিয়াম, আড়ং এবং নানা অনলাইন দোকানে।