নানা আয়োজনে সরব সাস্ট সাহিত্য সংসদ

সাস্ট সাহিত্য সংসদের সদস্যদের নিয়ে চলছে আলোচনা
ছবি: সংগৃহীত

সালটা ২০১৪। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকজন উদ্যমী তরুণ একটি সাহিত্য পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন। কিন্তু এমন উদ্যোগের জন্য তো একটা প্ল্যাটফর্ম চাই। শাবিপ্রবিতে তেমন কিছু ছিল না। তাই শুরুতে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন—এমন এক সংগঠন গড়ে তুলবেন, যা সাহিত্য নিয়ে কাজ করবে। ব্যাস। শিক্ষার্থীদের আগ্রহ ও শিক্ষকদের সার্বিক সহযোগিতায় গড়ে উঠল সাস্ট সাহিত্য সংসদ। যাত্রা শুরুর জন্য তাঁরা বেছে নিয়েছিলেন একটা উৎসবমুখর দিন—পয়লা বৈশাখ। এর পর থেকেই সাহিত্যবিষয়ক আড্ডা, কর্মশালা, সম্পাদনা ও প্রকাশনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কার্যক্রমে এগিয়ে চলছে সাস্ট সাহিত্য সংসদ।

সদস্যদের দক্ষতা উন্নয়নের কাজও করছে সংগঠনটি। সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁরা আয়োজন করেন ‘লেকচার সিরিজ’, যেখানে চক্রাকারে বসে সংগঠনের সদস্যরাই আলোচনা করেন। নিয়মিত পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে চায় এই সংগঠন। লেখালেখির কৌশল, প্রুফ দেখা, অনুবাদ সাহিত্য, পাণ্ডুলিপি পরিকল্পনা নিয়ে কর্মশালারও আয়োজন করেন তাঁরা। এবারের বইমেলায় বের হচ্ছে সংগঠনটির সহসভাপতি হামিদা আব্বাসীর গল্পগ্রন্থ বেদনার স্বাদ।

করোনাকালের দীর্ঘ ছুটিতেও থেমে থাকেনি সংগঠনটির কার্যক্রম। অনলাইনে নিয়মিত পাঠচক্র আয়োজনের পাশাপাশি অনলাইন ম্যাগাজিনও প্রকাশ করেছেন তাঁরা।

সাহিত্যকে শুধু জ্ঞানের একটি শাখা নয়, বরং প্রতিবাদের মাধ্যম হিসেবেও দেখেন সংগঠনের সদস্যরা। কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুলতানা আক্তার বলেন, ‘আমরা যে কেবল সাহিত্য নিয়ে কাজ করি তা নয়। নানা ব্যতিক্রমী কার্যক্রমের মাধ্যমে সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে আনার চেষ্টা করি। ’

সংগঠন নিয়ে নিজের ভাবনা জানালেন সাস্ট সাহিত্য সংসদের সভাপতি শুভদ্বীপ বিশ্বাস। তিনি বলেন, ‘সদস্যদের মধ্যে আমরা ক্রিটিক্যাল থিংকিংয়ের দক্ষতা গড়ে তুলতে চাই। পাশাপাশি আরও সরব হয়ে বাড়াতে চাই সংগঠনের পরিধি।’