নিদ্রার একটাই চাওয়া, ‘টিকে যাওয়া’

নিদ্রা নেহা
ছবি: সাবিনা ইয়াসমিন

নিদ্রা নেহা আজন্ম ‘স্টাইলিশ’। ছোটবেলায় মায়ের হাত ধরে উৎসবের জামাকাপড় কিনতে গিয়ে যেগুলো পছন্দ হতো, প্রায়ই সেগুলো চলে যেত বাজেটের বাইরে। কিন্তু সেই জামা না নিয়ে ঘরে ফিরতেন না। দোকানের সামনে রাস্তায় শুয়ে পড়তেন। হাত–পা ছুড়ে কান্নাকাটি করে ‘বিদ্রোহ’ জানাতেন। বাধ্য হয়ে সেই জামা কিনে দিতে হতো। একান্তই যদি জামা না কিনে ঘরে ফিরতেন মা, তাহলে ‘প্ল্যান বি’ হিসেবে খাওয়াদাওয়া বন্ধ করে দিতেন। বাবা একটার বদলে দুটা বা তিনটা জামা কিনে দিলে তবেই দানাপানি মুখে তুলতেন। সেই ছোট্ট নিদ্রা নেহা এখন দেশের উঠতি মডেল। বিজ্ঞাপনের চেনা মুখ। পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়, ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে, দ্বিতীয় বর্ষে।

চার বছর বয়সেই মেয়েকে গানের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন মা। কিন্তু গান ছেড়ে প্রায়ই বোনের নাচের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতেন নিদ্রা। একসময় গান ছেড়ে নাচ শেখা শুরু করলেন। আমাদের আড্ডায় বলছিলেন, ‘গান যে আমার ভালো লাগত না, তা নয়। তবে নাচ বেশি ভালো লাগত। আসলে পড়াশোনা বাদে সবই আমার ভালো লাগত। মা জোর করে যা পড়াতে বসাত, তাতেই রেজাল্ট ভালো হতো।’

এসএসসির পর ভোলা থেকে ঢাকায় চলে আসেন নিদ্রা। আইডিয়াল কলেজে ভর্তি হয়েই প্রথম যে কাজটি করলেন, তা হলো ফটোশুট। মডেলিং ক্যারিয়ারের জন্য একটা পোর্টফোলিও বানাবেন—এই ছিল উদ্দেশ্য। ছবি তুলে দিলেন পূর্বপরিচিত আলোকচিত্রী সৈকত রাইয়ান। এখন পর্যন্ত নিদ্রা যা কিছু অর্জন করেছেন, তার কৃতিত্বের ভাগ করে দিলেন মা, বাবা আর এই আলোকচিত্রীকে। সেই সময় ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার নিদ্রার ওজন ছিল ৭৫ কেজি। বিভিন্ন জায়গায় ছবিগুলো পাঠিয়েছিলেন। দিন, মাস, বছর গড়ালেও ডাক পাননি। এদিকে নানা কিছু নিয়ে হতাশায়, নতুন শহরে অসুখ বাঁধিয়ে এইচএসসি পরীক্ষার আগ দিয়ে হাসপাতালে ভর্তি হলেন। এইচএসসির ফলাফল হলো ‘যথেষ্টই খারাপ’।

নিদ্রার বড় বোনের উচ্চতা আরও বেশি, ৫ ফুট ১০ ইঞ্চি। নিদ্রার মায়ের ইচ্ছে থাকলেও তাঁর এই বোনটির আবার মডেল হওয়ার কোনো সাধ ছিল না। তিনি খুবই পড়ুয়া, প্রকৌশলে পড়তে উড়াল দিলেন রাশিয়া। তাই নিদ্রার ওপর চাপ এল—‘ডাক্তার’ আর ‘মডেল’ দুটোই হতে হবে। রেজাল্টের কারণে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তা বাদ দিতে হলো। মডেলিংয়েও কোনো গতি হচ্ছিল না। তবে হাল ছাড়েননি নিদ্রা। ছবি আঁকতে পারতেন। নিদ্রার ভাষায়, ‘আমার আঁকা পোর্ট্রেট দেখে সবাই অবাক হয়ে যেত। ব্যাপারটা হয়তো আমার ভেতর আগে থেকেই ছিল।’ এক মাসের প্রস্তুতি নিয়ে চারুকলার ভর্তি পরীক্ষায় হলেন ৪৯তম। শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। এক বছরের মাথায় শুরু হলো মহামারিকাল।

নিদ্রা নেহা

ঘরবন্দী সময়ে শুরু হলো তাঁর কঠিন ডায়েট। কয়েক মাসের মধ্যে ২০ কেজি ওজন কমিয়ে ফেললেন নিদ্রা। ৭৫ থেকে এক লাফে ৫৫! বললেন, ‘মায়ের ইচ্ছে ছিল মডেল হব। তাই হিসাব করে ক্যালরি মেপে খাওয়াতেন। আমি কার্ডিও করতাম। জিমে যেতাম। হাঁটতাম। আর ওজন মাপতাম।’ ওজন কমিয়ে তারপর আবার ফটোশুট করলেন। সেই ছবি জমা দিলেন মিস ইউনিভার্স বাংলাদেশে। ধাপে ধাপে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন নিদ্রা। হয়েছেন ‘মিস ফটোজেনিক’। সেই মঞ্চ থেকেই শুরু হলো মডেলিংয়ের যাত্রা। আর এখন তো মোস্তফা সরয়ার ফারুকী, মেজবাউর রহমান সুমনদের মতো নির্মাতাদের পরিচালনায় বিজ্ঞাপনও করছেন।

সামনে কী পরিকল্পনা? বললেন, ‘আসলে পরিকল্পনা করে কখনোই কিছু করিনি। মা চেয়েছিলেন, সৃষ্টিকর্তারও বোধ হয় তাতে সায় ছিল। তবে বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু আর শিক্ষকেরা যদি সহযোগিতা না করত, তাহলে আমি একাডেমিক পড়াশোনা আর ক্যারিয়ার—এই দুই নৌকায় পা রাখতে পারতাম না। আমি ভায়োলিন শিখি, নিজের স্কুটি চালিয়ে চলাফেরা করি, সারা দিন শুটিং করে ঘরে ফিরে মেকআপ তুলে রান্না বসাই, খেয়েদেয়ে কফির মগ হাতে নিয়ে অ্যাসাইনমেন্ট করতে বসি। আমার মতো অনেকেই এই ইন্ডাস্ট্রিতে আসে, দু-একটা ভালো কাজ করে, আবার হারিয়ে যায়। আমার এখন একটাই চাওয়া, টিকে যাওয়া। নিজের সবটুকু ঢেলে, শিখে-পড়ে ইন্ডাস্ট্রির একজন হয়ে নিজেকে মেলে ধরেতে চাই।’