গত ২৭ অক্টোবর পটিয়া পৌর সদরের কেন্দ্রীয় বৌদ্ধবিহারে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যামে প্রবারণা উৎসব উদ্যাপিত হয়েছে। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী বিহার প্রাঙ্গণে বুদ্ধপূজা, শীলগ্রহণ, প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা ও ফানুস ওড়ানো হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিহারের অধ্যক্ষ সংঘ প্রিয় থেরো পাপ, অন্যায়, অসত্য ও অসুন্দরকে বর্জন এবং সত্য, সুন্দর ও ন্যায়কে গ্রহণ করা আহ্বান জানান।
সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে শত শত বৌদ্ধ নারী-পুরুষের উপস্থিতিতে পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন ফানুস ওড়ানোর মাধ্যমে প্রবারণা উৎসবের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছগীর মোহাম্মদ, স্থানীয় কাউন্সিলর রূপক সেন, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, আবদুর রাজ্জাক প্রমুখ।