পাঠকের উকিল

নাহিদ মাহতাব
নাহিদ মাহতাব

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এই বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া naksha@prothom-alo.info এই ঠিকানায় ই–মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।

১৯৯৫ সালে আমার বড় মেয়ের বিয়ে হয়। বিয়ের পরপরই জামাইয়ের বাবা তাঁকে অন্য জায়গায় বিয়ে করানোর জন্য প্রস্তাব দেন। এমনকি এ কথাও বলেন, ‘তোমাকে এখনো অন্য জায়গায় বিয়ে করালে চার-পাঁচ লাখ টাকা পেতাম।’ যৌতুক না দিলে আমার মেয়েকে তালাক দেওয়ার জন্য হুকুম দেন। গত বছর জামাই মারা যান। তাঁদের তিন মেয়ে ও একটি ছেলে আছে। এখন আমার মেয়ে সন্তানদের নিয়ে আমার বাড়িতেই থাকছে। জামাই তাঁর বাবার কথা না মানায় তিনি ছেলেকে এক শতাংশ সম্পত্তিও দেননি। এখন জামাইয়ের ছেলেমেয়েরা পিতার ওয়ারিশসূত্রে দাদার কাছ থেকে কোনো জায়গা-সম্পত্তি পাবে কি না।
মো. ফজলুল হক সরকার
ওয়াহেদপুর, দেবীদ্বার, কুমিল্লা।
আপনার জামাইয়ের বাবা জীবিতকালে তাঁর সম্পত্তি যাকে খুশি দান করতে পারেন। সে ক্ষেত্রে আপনাদের করণীয় কিছু নেই। তবে জামাতার বাবার মৃত্যুর পর তাঁর সম্পত্তি যদি থাকে, তাতে আপনার নাতি-নাতনি হকদার। সুতরাং ওয়ারিশ হিসেবে আপনার জামাতার প্রাপ্য অংশ তাঁর ছেলেমেয়েরা পাবে।

আমি ১৯৯২ সালে বিয়ে করি, কোনো কারণবশত ২০০১ সালে দ্বিতীয় বিয়ে করি। আমার প্রথম স্ত্রীর দুটি সন্তান আছে। প্রথম স্ত্রীর সঙ্গে ২০০৮ সালে বিচ্ছেদ হয়। আমার প্রথম স্ত্রীর দুটি সন্তান আছে বলে দ্বিতীয় স্ত্রী সন্তান নেয়নি। বিশেষ করে আমার পুত্রসন্তানটি ছোট থেকে দ্বিতীয় স্ত্রীর কাছেই লালিত হচ্ছে। এ কারণে সে সব ক্ষেত্রে আমার দ্বিতীয় স্ত্রীর নাম ব্যবহার করে, এমনকি জন্মনিবন্ধন ও পঞ্চম শ্রেণির সনদও দ্বিতীয় মায়ের নামে করা হয়। আমার প্রশ্ন, এই নাম ব্যবহারের কারণে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না? আমার দ্বিতীয় স্ত্রীর যেহেতু সন্তান নেই, সে ক্ষেত্রে প্রথম স্ত্রীর সন্তান দ্বিতীয় স্ত্রীর নামের সম্পদ পাবে কিনা।
মো. আ. মালেক
শার্শা, যশোর।

জন্মনিবন্ধন ও স্কুল সার্টিফিকেট সাধারণত চাকরির ক্ষেত্রে এবং সম্পত্তির উত্তরাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সুতরাং জন্মনিবন্ধন ও স্কুল সার্টিফিকেটে প্রকৃত তথ্য প্রদান প্রয়োজন। ভবিষ্যতে ঝামেলা এড়ানোর জন্য সার্টিফিকেট সংশোধন প্রয়োজন এবং নির্দিষ্ট নিয়মে সার্টিফিকেট সংশোধন সম্ভব। আপনার দ্বিতীয় স্ত্রী আপনার প্রথম স্ত্রীর সন্তানদের নামে সম্পত্তি দান করতে পারেন। সাধারণভাবে দ্বিতীয় স্ত্রীর সন্তান না থাকলে মৃত্যুর পর তাঁর সম্পত্তি আপনি অর্থাৎ স্বামী ও তাঁর ভাইবোন, পিতামাতা পাবেন।