
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায়পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া naksha@prothom-alo.info এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।
* গত বছর আমার স্বামী আমাকে রেখে চলে যায় ঢাকায় কাজের সন্ধানে। কিছুদিন পর শুনলাম সে ওখানে বিয়ে করেছে। বিয়ে করলেও আমাকে প্রতি মাসে টাকা দিত। এদিকে আমার দুই মেয়ে থাকা সত্ত্বেও একজন আমাকে বিয়ে করতে আগ্রহী হয়। আমি তার প্রস্তাবে রাজি হয়েছি। বিয়েও হয়েছে আমাদের। আমার প্রথম স্বামী সেটা জানে না। যদি সে আমাকে এখন গ্রহণ করতে চায়, তাহলে এর ফলাফল কী হবে।
শিশির (ছদ্মনাম)
বিবাহিত থাকাকালীন মহিলাদের দ্বিতীয় বিবাহ সম্ভব নয়। এ ধরনের বিবাহ বাতিল ও অবৈধ। আপনাকে দ্বিতীয় বিবাহ করতে হলে প্রথমত নির্দিষ্ট নিয়মে আপনার স্বামীকে তালাক প্রদান করতে হবে। এ ছাড়া সন্তানের ভরণপোষণ আপনার প্রাপ্য।
* আমরা দুই বোন মায়ের ৩০ ডেসিমেল জমি কিনি। এক দাগে ছিল ১৯, আরেক দাগে ছিল ১১ ডেসিমেল। আমি ১১ ডেসিমেল জমি আমার স্বামীর নামে দানপত্র করে দিই। ১০ বছর পর স্বামী আবার আমাকে ১১ ডেসিমেল ফেরত দেয়। আমি ওই ১১ ডেসিমেল বিক্রি করে দিয়েছি। আমার প্রশ্ন হলো, আমি ১১ ডেসিমেল বিক্রি করতে পারি কি না? উল্লেখ্য, স্বামীর নামে নামজারি করা আছে।
শিরিন খন্দকার
মিরপুর, ঢাকা।
আপনার দানকৃত সম্পত্তিতে হস্তান্তরের পর আপনার কোনো অধিকার নেই। তবে পুনরায় যদি আপনার স্বামী তাঁর সম্পত্তি আপনাকে দান করেন সে ক্ষেত্রে তা বিক্রির কোনো বাধা নেই। তবে সম্পত্তিটি হস্তান্তর ও আপনার নামে নাম খারিজ প্রয়োজন।
* আমি বিয়ে করি ২০০৮ সালের ১৬ ডিসেম্বর। বিয়ের এক মাস পার হওয়ার পর তার সঙ্গে আমার সমস্যার সৃষ্টি হয়। আমি তাকে ২০১০ সালের আগস্টে তালাক দিই। সে তালাকের চিঠি পাওয়ার পরে, আমার নামে একটি যৌতুকের মামলা করে। আদালত এই মামলায় গত মার্চ মাসে আমার পক্ষে রায় দেন। কিন্তু এখন পর্যন্ত সে আমার নামে কোনো পারিবারিক মামলা করেনি। আমার কাছে তার পক্ষ থেকে কোনো কাবিনের টাকা চাওয়া হয়নি। যৌতুকের মামলার রায়ের কত দিন, মাস বা বছর পর্যন্ত সময় থাকে? এই পারিবারিক মামলা করতে আমাকে সঠিক পরামর্শ দিলে আমি আপনার কাছে উপকৃত থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক, গোপালপুর, টাঙ্গাইল।
যৌতুক নিরোধ আইনের আওতায় কোনো রায়ের বিরুদ্ধে দুই মাসের মধ্যে আপিল করার বিধান আছে। নির্দিষ্ট কারণ দেখিয়ে দেরিতে আপিল করা সম্ভব। পারিবারিক আদালতের মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।