
করোনাকালে ‘পারি না’ কথাটির অর্থ নতুন করে আবিষ্কার করেছি। কত কিছুই তো মুখের ওপর বলে দিই—এটা আমি পারি না। কিন্তু সত্যিই কি তাই?
ঘরবন্দী থাকা এখন বেশ অর্থপূর্ণ মনে হয়। কারণ, সময়টাকে আমি শেখার পেছনে ব্যয় করছি। প্রতিদিনই এমন কিছু না কিছু শিখছি, যা নিজেকে আগের দিনের চেয়ে আরেকটু উন্নত করে। এগুলো আমাকে করোনার আতঙ্ক থেকে দূরে রাখে। আবার মানসিকভাবেও ভালো বোধ করি।
শেখার কথা বললে লেখালেখির কথাই আসে প্রথমে। যেহেতু বাসায় থাকছি, নিজের চিন্তাগুলো লেখার অভ্যাস তৈরি হয়েছে। লিখতে গেলে পড়ার কোনো বিকল্প নেই। তাই এ সুযোগে বই পড়ার অভ্যাসটাও গড়ে উঠছে। আগে বছরজুড়ে একাডেমিক পড়া আমাদের আটকে রাখত। তাই এ সময়ে বড় একটি সুযোগ পেলাম। বেশির ভাগ সময় আত্মোন্নয়নে সহযোগী বইগুলো পড়ছি। যেমন: জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস, ডেভিড জে শার্টজের লেখা দ্য ম্যাজিক অব থিংকিং বিগ, রিচার্ড ব্র্যানসনের সাফল্যের পাঠশালা প্রভৃতি।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পর্যাপ্ত সময় পেয়েছি। তাই ইংরেজি শেখায় মন দিতে পারছি। ইংরেজি বই পড়াও শুরু করেছি আজকাল। এখন বন্ধুদের সঙ্গে চ্যাটিং কিংবা ই–মেইল করার সময় ইংরেজিতে লিখতে চেষ্টা করি। সঙ্গে চলছে রোজ অন্তত ১০ মিনিট ইংরেজিতে কথা বলার চর্চা। এ কাজে আমার সঙ্গী ছোট বোন। জার্মান ভাষাটাও শেখার চেষ্টা করছি একটু একটু করে। তবে এটার ক্ষেত্রে চর্চা করার মতো কোনো সঙ্গী পাই না। নতুন ভাষা শেখার ক্ষেত্রে অবশ্য ডুয়োলিঙ্গো নামের অ্যাপটা বেশ কাজের। তা ছাড়া ইউটিউব দেখেও উচ্চারণ শেখা যায়।
শেখার পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া এখন শখের বিষয়। আমি যেহেতু ইয়ুথ অপরচুনিটিজে শিক্ষানবিশ হিসেবে কাজ করছি, এখানে কাজের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা সম্পর্কে জানার সুযোগও হয়। এখানেও ‘পারি না’ কথাটা ভুল প্রমাণিত হয়েছে। প্রায়ই মনে হতো, আমি কোনো আইডিয়া দিতে পারি না। কিন্তু একটা প্রতিযোগিতায় আইডিয়া দিয়েই পুরস্কার জিতে নিয়েছি। আইপিডিসি ফাইন্যান্স, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটুআই-অ্যাসপায়ার টু ইনোভেট, ব্রিটিশ কাউন্সিল, ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগিতায় ইয়ুথ অপরচুনিটিজ আয়োজিত ‘জাতীয় পলিসি–বিষয়ক’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। করোনাপরবর্তী সময়ে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের করণীয় বিষয়ে আমার প্রস্তাবনা জমা দিই। সেখানে আমার লেখা দ্বিতীয় রানারআপ হিসেবে নির্বাচিত হয়।
এখন ‘পারি না’ বলার আগে দ্বিতীয়বার ভাবি। সত্যিই কি পারি না? নাকি কখনো চেষ্টা করিনি বলে জানিই না আমি পারি কি না!