তিন পার্বত্য জেলায় আদিবাসী ছাত্র-ছাত্রীদের নেতৃত্বদানকারী ছাত্রসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ মে বান্দরবানে সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০তম সম্মেলন শেষে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। বাচ্চু চাকমা নতুন কমিটির সভাপতি ও জুয়েল চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পিসিপির নেতা–কর্মীরা জানান, জেলা শহরের রাজার মাঠে প্রতিষ্ঠবার্ষিকী ও জেলা শহরতলির ফারুকপাড়ায় সম্মেলন অনুষ্ঠিত হয়। ফারুকপাড়ায় আয়োজিত সম্মেলনে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে তিন শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন। প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত অবনতিশীল বলে আখ্যায়িত করেন।
এ পরিস্থিতিতে নেতা–কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিনিধি জানান, নতুন কমিটি গঠন নিয়ে প্রতিনিধিদের মধ্যে মতপার্থক্য দেখ দিয়েছিল। পরে জনসংহতি সমিতির নেতাদের হস্তক্ষেপে আলাপ-আলোচনার ভিত্তিতে কমিটির নাম ঘোষণা করা হয়। বাচ্চু চাকমাকে নতুন কমিটির সভাপতি, জুয়েল চাকমাকে সাধারণ সম্পাদক ও উবাসিং মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
নব গঠিত কমিটির সভাপতি বাচ্চু চাকমা ও সাংগঠনিক সম্পাদক উবাসিং মারমা বলেন, কমিটি গঠনে বড় ধরনের কোনো মতপার্থক্য দেখা দেয়নি। উপস্থিত সবার মতামত নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠুভাবে সম্মেলন হওয়ায় সংগঠনের সব স্তরের নেতা–কর্মীরা আগের যে কোনো সময়ের তুলনায় চাঙ্গা হয়ে উঠেছেন।