
প্রসূতি মায়েদের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে দুধ অনন্য। দুধের ক্যালসিয়াম মা ও হবু সন্তান উভয়ের জন্যই প্রয়োজনীয়। কিন্তু গর্ভাবস্থায় বেশি দুধ পান করলে হবু সন্তানের শরীরে লৌহের ঘাটতিজনিত সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন নিউজিল্যান্ডের গবেষকেরা। বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ এ বিষয়ে জানিয়েছে।
সবাই কম-বেশি জানেন যে, মা ও শিশুর জন্য ক্যালসিয়াম ও লৌহ দুটোই জরুরি। কিন্তু শিশুর মস্তিষ্কসহ শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে লৌহজাতীয় উপাদান বিশেষভাবে প্রয়োজনীয়। লৌহের ঘাটতি দেখা দিলে মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয়ে শিশুর শেখার ক্ষমতা ও আচরণেও প্রভাব পড়তে পারে। তাই গর্ভাবস্থাতেই হবু মায়েদের লৌহজাতীয় উপাদানযুক্ত খাবার খাওয়ার জন্য উৎসাহিত করে থাকেন সবাই।
কিন্তু মুশকিল হলো দুধে প্রচুর ক্যালসিয়াম থাকলেও তাতে আয়রন বা লৌহজাতীয় পুষ্টি উপাদান খুবই কম। আর নিউজিল্যান্ডের গবেষকেরা সম্প্রতি বেশি দুধ পানের সঙ্গে লৌহের ঘাটতিজনিত সমস্যার সম্পর্ক খুঁজে পেয়েছেন। তাঁরা দেখেছেন, নিউজিল্যান্ডে সদ্যোজাত শিশুদের ৭ শতাংশই লৌহের ঘাটতি নিয়ে জন্মায়। যে নারীরা গর্ভাবস্থায় বেশি দুধ পান করেছেন, তাঁদের সন্তানদের মধ্যেই এই ঘাটতি বেশি দেখা গেছে।
অকল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক এবং গবেষণা প্রতিবেদনটির অন্যতম রচয়িতা শিশুবিশেষজ্ঞ ক্যামেরন গ্র্যান্ট এক বিবৃতিতে বলেছেন, ‘দুধ ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস হলেও এতে লৌহের পরিমাণ খুবই কম। এ ছাড়া দুধ শরীরকে প্রচুর পুষ্টি জোগায় বলে তা ক্ষুধা কমিয়ে দিয়ে লৌহজাতীয় খাদ্য গ্রহণে গর্ভবতী নারীদের নিরুৎসাহিত করতে পারে।’
এই শিশু বিশেষজ্ঞ আরও বলেন, ‘লৌহের ঘাটতিতে ভুগছেন, এমন নারীর অপরিণত সন্তানের জন্মদান এবং কম ওজনের সন্তান জন্মদানের ঝুঁকি বেশি থাকে। এ ছাড়া শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রেও এই নারীরা লৌহের ঘাটতিতে থেকে যেতে পারেন।’
বিশ্বজুড়েই লৌহের ঘাটতি মা ও শিশুদের জন্য একটা বড় সমস্যা। নতুন মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুরা এই সমস্যার সবচেয়ে বড় শিকার। বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই গবেষকেরা বলেছেন, হবু মায়েদের অবশ্যই ক্যালসিয়ামসমৃদ্ধ খাবারের পাশাপাশি লৌহের ঘাটতি পূরণের বিষয়ে সচেতন থাকতে হবে। গর্ভাবস্থায় বেশি দুধ পান করেন, এমন নারীদেরও দুধের পাশাপাশি লৌহজাতীয় উপাদানসমৃদ্ধ খাবার খেতে হবে।