ফরাসি ককটেল

আইফেল টাওয়ারের অদূরে এক অপূর্ব সুন্দরী পর্যটক হেঁটে বেড়াচ্ছে। তাকে অনুসরণ করছে এক স্থানীয় পুরুষ। উপায়ান্তর না দেখে মেয়েটি এগিয়ে গেল পুলিশের কাছে; বলল, ‘ওই লম্বামতন লোকটা আমার পিছু ছাড়ছে না। আমি যেখানে যাচ্ছি, সেও যাচ্ছে আমার পিছু পিছু।’ পুলিশ বলল, ‘মাদমোয়াজেল, ডিউটিতে না থাকলে আমিও একই কাজ করতাম।’ দুই ফরাসি পুরুষের সংলাপ।—হজমশক্তি বাড়াতে আমি বিয়ার খাই। লো প্রেশার হলে খাই রেড ওয়াইন। কনিয়াক খাই ফ্লু হলে। আর অ্যানজাইনা হলে লিকার।—তুমি তাহলে পানি খাও কখন?—তেমন অসুখ আমার জানা নেই। জাদুঘরে গাইড বলছে, ‘এই খাটে ঘুমিয়েছেন ল্যুদভিগ দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ এবং নেপোলিয়ান।’শ্রোতাদের একজন বলল, ‘এতজন এক খাটে! নিশ্চয়ই খুব চাপাচাপি করে শুতে হয়েছে!’