বাবা যখন ভাই

আমি তখন কল্যাণপুরে থাকতাম। কল্যাণপুরের দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গাড়িটা যায়, তার নাম চৈতালী। একদিন ডাবল ডেকারে করে ভার্সিটিতে যাচ্ছিলাম। দোতলা বাস বলে সহজে বোঝা যায় না কোনটা বিশ্ববিদ্যালয়ের বাস আর কোনটা পাবলিক বাস। আসাদ গেটের কাছে আসতেই তড়িঘড়ি করে একজন ভদ্রমহিলা উঠে পড়লেন। আমরা বললাম, ‘এটা বিশ্ববিদ্যালয়ের বাস, নেমে যান, এ বাসে যাওয়া যাবে না।’ তিনি আমাদের অনুরোধ করে বললেন, ‘বাবারা, তোমরা তো আমার ছেলের বয়সী। আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে তো, তাই না জেনেই উঠে পড়েছি। আজকের মতো যেতে দাও।’ আমরাও তাই ভদ্রমহিলাকে নামিয়ে দিলাম না। এরপর বাস যখন সায়েন্স ল্যাবরেটরিতে এল, তখন ওই মহিলা আমাদের অনুরোধ করলেন, ‘বাবারা, আমি তো এখানে নামব। আমাকে নামিয়ে রেখে যাও।’ আমরা তাকে বাস থেকে নামিয়ে দিলাম। মহিলা কৃতজ্ঞতায় নুইয়ে পড়লেন। বললেন, ‘থ্যাংক ইউ, ভাই।’ আমরা হাসব না কাঁদব বুঝতে পারলাম না! একটু আগে যে মহিলা আমাদের বাবা বলে অনুরোধ করলেন, বাস থেকে নেমে ওই মহিলাই আমাদের ভাই বলে ডাকছেন! জাজাফী  এসএম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় zazafee.alormela@gmail.com