চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষা রোববার শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী রোববার থেকে। ইতিমধ্যে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পরিবর্তন আনা হয়েছে শাটল ও ডেমু ট্রেনের শিডিউলে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট ও বেলা আড়াইটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত দিনের দুই বেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও নগরের বেশ কয়েকটি কেন্দ্রেও পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা শেষ হবে ৯ নভেম্বর।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে এবার ৪ হাজার ৬৫৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ১১ হাজার ৯৫২টি। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৪৬ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষা–সংক্রান্ত যাবতীয় তথ্য এবং প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে জানা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের আসন তঁাদের প্রবেশপত্রে নির্দেশিত আছে।’
বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় শাটল ও ডেমু ট্রেনের শিডিউলে পরিবর্তন আনা হয়েছে।
নতুন শিডিউল অনুযায়ী, ভর্তি পরীক্ষার সময় নগরের বটতলী রেলওয়ে স্টেশন থেকে সকাল সোয়া ছয়টা, সাড়ে সাতটা ও সাড়ে আটটা, দুপুর ১২টা, বেলা ৩টা ও বিকলে ৪টা এবং রাত সাড়ে ৮টায় শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বটতলী স্টেশন অভিমুখে সকাল ৭টা ২৫ মিনিট, ৯টা, বেলা ১টা ৫ মিনিট, দেড়টা, বিকেল ৪টা ৫০ মিনিট, বিকেল সাড়ে ৫টা ও রাত ৯টা ৪০ মিনিটে ফিরে আসবে। এ ছাড়া এক জোড়া ডেমু ট্রেন প্রতিদিন সকাল সাড়ে নয়টায় বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বেলা ১১টায় ক্যাম্পাস থেকে নগের ফিরে আসবে।
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে শেষ করতে ২৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাটহাজারী উপজেলা প্রশাসন, পিডিবি, সড়ক ও জনপথ বিভাগ এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী সবার সহযোগিতা চান।