বিয়ের পোশাকের জন্য বলিউড তারকাদের সবচেয়ে পছন্দের ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। এই বাঙালি ডিজাইনারকে একবার নিজের মনের কথা জানিয়ে দিব্যি নিশ্চিন্তে থাকেন তাঁরা। মনোযোগ দেন বিয়ের অন্য সমস্ত আয়োজনে। আর নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে সব্যসাচীর নকশা করা পোশাকে সবচেয়ে সুন্দর হয়ে ওঠেন তাঁরা। সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সব্যসাচীর নকশা করা পোশাকেই বিয়ে করলেন ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল। এমনকি গায়েহলুদের অনুষ্ঠানেও এই দুজন পরেছেন এই ডিজাইনারের পোশাক।
একে একে সামনে আসছে বিয়ের আর গায়েহলুদের ছবি। সেখানে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল জীবনের সবচেয়ে বিশেষ, গুরুত্বপূর্ণ আর আনন্দময় অনুষ্ঠানে সেজে উঠেছেন সব্যসাচীর পোশাকে। গায়েহলুদে ভিকি কৌশলের পরনে ছিল এমব্রয়ডারি করা কুর্তা আর সালোয়ার।
অন্যদিকে হলুদে ক্যাটরিনা পরেছিলেন আইভরি অরগ্যান্ডি লেহেঙ্গা। এর ওপর ছিল গোটা আর টিলার এমব্রয়ডারি। সঙ্গে বর আর বউ দুজনের জন্যই ছিল অরগাঞ্জার ওড়না। সেই ওড়নায় ছিল গোটা আর মারোরির এমব্রয়ডারি। আর এর পাড় ছিল সোনালি লেস দিয়ে মোড়ানো।
এদিকে বিয়ের সাজে ক্যাটরিনা কাইফ কোনো ঝুঁকি নেননি। বিয়েতে তিনি পরেছিলেন ভারতীয় কনে রূপের সবচেয়ে বেশি পরীক্ষিত রং, লাল। পরেছিলেন সব্যসাচীর নকশা করা টকটকে লাল ব্রাইডাল লেহেঙ্গা। সিল্কের সেই লেহেঙ্গার ওপর হাতে বোনা টিলার কাজ। আর ছিল ভেলভেটের ওপর সোনালি বর্ডার। ওড়নাটিও লাল জমিনের। সেখানে সোনালি পাড়ের ওপর রুপালি নকশা করা। ক্যাটরিনা যে গয়না পরেছিলেন, সেগুলোও ‘সব্যসাচী হেরিটেজ জুয়েলারি’ থেকে নেওয়া। ২২ ক্যারেট সোনা আর হীরা দিয়ে গড়া।
ভিকি কৌশল পরেছিলেন ম্যাচিং অফ হোয়াইট রঙের শেরওয়ানি। এই বর বিয়েতে দেখা দিয়েছেন পাঞ্জাবি রাজকুমারের সাজে। সেই শেরওয়ানিতে ছিল সোনা দিয়ে মোড়ানো বেঙ্গল টাইগারের মিনিয়েচারের বোতাম। আর ছিল সিল্কের কুর্তা। আর চুড়িদার।
বিয়ে, গায়েহলুদ দুটোতেই ছিল ফুলের ছড়াছড়ি। অন্দরসজ্জায় আর গয়না হিসেবে ব্যবহৃত হয়েছে বাহারি ফুল। বিয়েতে যে সবুজ পাথরের নেকলেস পরেছেন ভিকি, সেটি হীরা, স্ফটিক আর ১৮ ক্যারেট সোনায় তৈরি। সব্যসাচীর হেরিটেজ জুয়েলারি থেকেই নেওয়া।
ক্যাটরিনার বাগদানের আংটিটি টিফানি অ্যান্ড কোম্পানির। প্লাটিনামের এই আংটি চোখধাঁধানো হিরে দিয়ে খচিত। এই আংটির দাম ৯ হাজার ৮০০ ডলার বা ৮ লাখ ৩৬ হাজার টাকা। ভিকির অনামিকায় শোভা পেয়েছে প্লাটিনামের আংটি। সেটির বিস্তারিত জানা যায়নি। এদিকে ক্যাটরিনার মঙ্গলসূত্রের দামও প্রকাশ পেয়েছে। হিরের দ্যুতিতে উজ্জ্বল মঙ্গলসূত্রটির দাম ৬ লাখ ৮০ হাজার টাকা।
বিয়ের যে ছবিগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো তুলেছে ভারতের জনপ্রিয় ওয়েডিং ফটোগ্রাফার জোসেফ রাধিকের কোম্পানি ‘স্টোরিজ বাই জোসেফ রাধিক’। ছবিগুলো তুলেছেন সিলভিয়া চোপড়া, নিকি ভাসিন ও জসুয়া কার্তিক।
ভারতের ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে যে কজন বিপ্লব ঘটিয়েছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম দিকে লেখা থাকবে সব্যসাচী মুখোপাধ্যায়ের নাম। কলকাতায় তাঁর মূল ঘাঁটি হলেও সেখান থেকে তাঁর পোশাক পৌঁছে গেছে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদে। ভারতের সীমানা পেরিয়ে ক্যালিফোর্নিয়া, আটলান্টা, লন্ডন, দুবাইয়ের ফ্যাশন মানচিত্রে স্থান করে নিয়েছে সব্যসাচীর নকশা করা পোশাক আর অলংকার।