সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন রোগের ওষুধ ও পথ্য হিসেবে মধু ব্যবহূত হয়ে আসছে। ঠান্ডা কাশি, ত্বকের সুরক্ষা ও রোগ প্রতিরোধে মধুর ভেষজ ব্যবহার সুপ্রচলিত। সুস্বাস্থ্যের জন্য অনেকেই প্রতিদিন খানিকটা মধু খাবার অভ্যেস করেন। কিন্তু যাদের ডায়াবেটিস আছে, মধু কি তাদের রক্তে শর্করা বাড়িয়ে দেয়?মধু হলো একটি শর্করা জাতীয় খাদ্য। শর্করা দুই ধরনের হয়, সহজ শর্করা যা দ্রুত রক্তে মিশে গিয়ে চিনির পরিমাণ বাড়িয়ে দেয় এবং তা ডায়াবেটিস রোগীর জন্য খারাপ। এর মধ্যে রয়েছে সাধারণ চিনি, গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি। আরেকটি হলো জটিল শর্করা, যা ভাঙতে ও রক্তে মিশতে সময় নেয়। অতি দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়ায় না। যেমন আঁশ ও স্টার্চ। মধু হলো প্রায় পুরোটাই সহজ শর্করা। এর প্রধান তিনটি উপাদান হলো গ্লুকোজ, সুক্রোজ ও ফ্রুক্টোজ। এক টেবিল চামচ মধুতে আছে ১৭.৩ গ্রাম শর্করা যার পুরোটাই সহজ শর্করা। তার চেয়ে বড় কথা প্রচুর চিনি থাকলেও এতে পুষ্টি উপাদান যেমন ভিটামিন বা খনিজ প্রায় নেই বললেই চলে। এমনকি সাধারণ চিনির চাইতেও এতে চিনির পরিমাণ বেশি।
১ চা-চামচ মধু=৫.৮ গ্রাম সহজ শর্করা=২১ ক্যালরি
১ চা-চামচ সাধারণ চিনি=৪.২ গ্রাম সহজ শর্করা=১৬ ক্যালরি
সুতরাং ডায়াবেটিস রোগীদের মধু বেশি খাওয়া উচিত কি না, নিজেরাই ভেবে দেখুন।
l হরমোন ও ডায়াবেটিস বিভাগ, বারডেম হাসপাতাল।