মনের বাক্স

সত্যিই তোমাকে অনেক ভালোবাসি
কোথায় আছো তুমি? কেমন আছো? কতটা ভালো আছো? অনেক দিন হলো জানা হলো না। কী করব বলো, আমি তোমাকে খুঁজে পেতে শত চেষ্টা করেও আজ ব্যর্থ। কলেজের প্রথম দিন তোমার সঙ্গে দেখা। আর সেখান থেকেই আমাদের পরিচয়। কোনো একটা উপকারের রেষ ধরে তোমার মোবাইল নম্বর চাওয়া।
তারপর রাত-দিন মোবাইলে কথা বলে সময় পার করার মুহূর্তগুলো ছিল আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। তুমি না বলতে, তোমার একা একা খোলা আকাশের নিচে হাঁটতে ভালো লাগে, বিশ্বাস করো আমিও আজ তোমার মতো হয়ে গেছি। তোমার মতো যখন মনটা খুব বেশি খারাপ থাকে, তখন ওই নীল আকাশের দিকে তাকিয়ে থাকি।
মাঝেমধ্যে যখন নিজেকে খুব বেশি একা মনে হয়, তখন একা একা তোমার প্রিয় কণ্ঠশিল্পী তওসিফের ‘দূরে কোথাও আছি বসে’ গানটি শুনি আর খোলা আকাশের নিচে হাঁটি। কলেজে সবার অনেক বন্ধু আছে, কিন্তু আমার কোনো বন্ধু নেই, কেন জান, বন্ধু থাকলে তাদের সময় দিতে হয়। কিন্তু আমি তো তাদের সময় দিতে পারব না। কারণ, আমার ভেতর একটা ভয় কাজ করে, আমি যদি তোমাকে ভুলে যাই। আমি একবারের জন্যও ভাবতে পারি না, তোমাকে আর খুঁজে পাব না।
প্রতিটা মুহূর্ত আমার একটা কাজই রুটিন হয়ে গেছে, তা হলো তোমাকে খোঁজা। সকাল হলে তোমার যারা বান্ধবী ছিল তাদের কাছে শত অনুরোধ করতে হয় তোমার ঠিকানা পাওয়ার জন্য। কিন্তু তারা বড় বেশি স্বার্থপর, শত অনুরোধ করলেও তোমার ঠিকানা বলে না। সারা দিন খোঁজার পর যখন রাত হয়, তখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি ঘুমাই না। নেট অন করে ফেসবুক, ব্লগ, ওয়েব পেজ থেকে শুরু করে অনেক পত্রিকায় তোমাকে নিয়ে লিখি; কিন্তু ভাগ্য আমার পক্ষে না, তাই ভুল করেও আমার লেখা তোমার চোখে পড়ে না। তবুও আমি বিশ্বাস করি তোমাকে আজ না হয় কাল, কাল না হয় পরশু খুঁজে পাবই। তখন আমার সব পরিশ্রম সার্থক হবে। তুমি বারবার না একটা কথাই বলতে, ‘সত্যিকার ভালোবাসা থাকলে মনে কখনো হারায় না’ তা একদিন ফিরে আসবেই।
সৈয়দ রাকিব, ঝালকাঠি

আমার বড় মামা
সাধারণত মামা-ভাগনের সম্পর্কটা মধুর হয়। কিন্তু ভাগনিও যে হয়, সেটার উদাহরণ আমি। আপনি ছাড়া আমার তো আরও তিনটা মামা আছে, তারাও আমায় অনেক ভালোবাসে। কিন্তু আপনি তাদের থেকে আলাদা। আপনার ভালোবাসাটা আমার কাছে অন্যরকম লাগে। কিছু কিছু ভালোবাসা আছে, যা মুখ ফুটে বলতে হয় না, এমনিই বোঝা যায়। আপনিও কোনো দিন বলেননি | কিন্তু আপনাকে দেখে বোঝা যায়, আপনি আমায় কতটা ভালোবাসেন। আমি কী খেতে ভালোবাসি, কী করতে ভালোবাসি, আপনি সব জানেন | এমনকি আমার শরীর খারাপ হলে আপনার অস্থিরতা বুঝিয়ে দেয় যে কতটা ভালোবাসেন আমাকে।
আপনার মুখে ‘মা’ ডাকটা আমার শুনতে খুব ভালো লাগে। তখন আনন্দে চোখে পানি চলে আসে। আমিও আপনাকে অনেক ভালোবাসি বড় মামা |
মারেফা

লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: adhuna@prothom-alo.info ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’