
‘মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে, মা, চ’ড়ে
দরজা দু’টো একটুকু ফাঁক করে।
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার ‘পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে’
(বীরপুরুষ: রবীন্দ্রনাথ ঠাকুর)
মাকে নিয়ে প্রতিটি সন্তানের মনে কতই না স্বপ্ন দানা বাঁধে। চারপাশের এই রঙিন পৃথিবী মায়ের চোখ দিয়েই তো প্রথম দেখা। একজন সন্তানের কাছে মমতা, আস্থা, শাসন, নির্ভরতা—এ সবই যেন ‘মা’ শব্দেরই প্রতিশব্দ। মায়ের কারণেই তো পৃথিবীর প্রতিটি দিন উপভোগ করা। সেই মায়ের জন্য বছরের একটি দিন বিশেষভাবে পালন করতে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয়
‘মা দিবস’।
বিভিন্ন দেশে নানাভাবে পালিত হয় মা দিবস। থাকে নানা আয়োজন। যেমন ইংল্যান্ডে এই দিনে বাড়িতে কেক বানিয়ে মাকে উপহার দেওয়ার রীতি প্রচলিত আছে। এ ছাড়া রেস্তোরাঁয় খেতে নিয়ে যাওয়া, কার্ড, ফুল, চকলেট ইত্যাদি উপহার হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়।
নিজের সন্তানের তৈরি কোনো হস্তশিল্প উপহার হিসেবে মায়েদের দারুণ পছন্দ। তবে সময়-সুযোগের অভাবে তা করা হয়ে না উঠলেও কোনো ক্ষতি নেই। একটা দিন হাতে রেখে একটু সময় নিয়ে বেরিয়ে পড়ুন।
ঘর সাজানোর নানা উপকরণের পাশাপাশি পাট বা বেতের তৈরি টিস্যু বক্স, প্রতিদিনের টুকটাক হিসাব টুকে রাখার নোটবুক, মা চাকরিজীবী হলে খাদি বা ব্লকপ্রিন্ট করা কোনো কাপড় দিয়ে মোড়ানো চমৎকার অফিস ফাইল ইত্যাদি ভালো উপহার হতে পারে। মায়ের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে কিনে দিতে পারেন ভেষজ উপাদানে তৈরি চা এবং অন্যান্য খাবার। উপহার হিসেবে দেওয়া যেতে পারে মায়ের পছন্দের কিছু গান-কবিতা। ঘরে বা বারান্দায় সাজিয়ে রাখা যায়—এমন সুন্দর কিছু গাছও কিন্তু উপহার হিসেবে দারুণ।
মায়ের হাতের রান্না খেয়েই তো বেড়ে ওঠা। মা দিবসে না হয় মাকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে মায়ের পছন্দের কোনো রেস্তোরাঁয় নিয়ে গেলেন। অথবা নিজেই রান্না করে মাকে চমকে দিলেন।
মা দিবস উপলক্ষে আড়ং এ বছর নিয়ে এসেছে ভিন্নধর্মী নানা উপহারসামগ্রী। ক্রেতাদের জন্য রয়েছে উপহারও। তবে এই সুযোগ শুধু অনলাইনে কেনাকাটার বেলায়।
ফ্যাশন হাউস সাদাকালোর পরিচালক তাহসিনা শাহিন জানালেন মা দিবস আর রবি ঠাকুরের জন্মদিন—এই দুই দিনকে এক করেই তাদের এবারের আয়োজন। যার মধ্যে থাকছে ‘মা’ লেখা আকর্ষণীয় কিছু মগ ও একপাশে ঝোলানো ব্যাগ।
বিশেষ এই একটি দিনের পুরোটা সময় মায়ের জন্য বরাদ্দ রেখে, শুধু মায়ের সঙ্গেই সময় কাটান। মাকে জড়িয়ে ধরে বলুন, ‘ভালোবাসি, মা তোমাকে’। এটাই হবে মায়ের জন্য সেরা উপহার।