মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় শতভাগ পাসের ধারা অব্যাহত রেখে মিরসরাইয়ে এবারও সেরা জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধাতালিকায় প্রতিষ্ঠানটির স্থান ১৭তম। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবাস সরকার জানান, এ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় ৮৯ জন শিক্ষার্থী অংশ নেয়। সব পরীক্ষার্থী পাস করেছে এবং এদের মধ্যে ৩২ জন জিপিএ-৫ পেয়েছে। জানা যায়, মিরসরাইয়ের ৪৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে চারটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেয় তিন হাজার ৩৭৮ জন। এর মধ্যে পাস করেছে দুই হাজার ৩৯২ জন। জিপিএ-৫ পেয়েছে ১১১ জন। পাসের হার ৭১। জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয়, মিঠাছড়া বিশ্বদরবার মাধ্যমিক বিদ্যালয় ও আবুল কাশেম বালিকা বিদ্যালয়ে পাসের হার শতভাগ। অপর দিকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭১০ জন। পাস করেছে ৬২৮ জন। পাসের হার ৮৮। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। গনিয়াতুল উলুম হোসেনিয়া আলিম মাদ্রাসা, তেতৈয়া দাখিল মাদ্রাসা ও নজির আহম্মদ দাখিল মাদ্রাসায় পাসের হার শতভাগ।