
প্রতিদিনই আমরা মন খারাপ করার মতো খবর পড়ে থাকি। বিশ্বব্যাপী পাঠকেরা বারবার জানিয়েছেন, নেতিবাচক সংবাদ তাঁরা এড়িয়ে যেতে চান।
সংবাদমাধ্যমের কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা এবং সমস্যা সামনে এনে সবাইকে জানানো। ‘রক্তপাত’ই কেবল খবরের শিরোনাম তৈরি করতে পারে, এই প্রাচীন প্রবাদ অনুসরণ করা তাহলে খুব জরুরি?
ইমপ্যাক্ট জার্নালিজম ডের উদ্দেশ্য, মানুষকে এটি দেখানো যে বিশ্বব্যাপী সমস্যার উৎসাহব্যঞ্জক সমাধানের খবর প্রকাশে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিশ্বের ৪৫টি সংবাদপত্র স্পার্কনিউজ-এর মাধ্যমে একাত্ম হয়েছে, সাংবাদিকতার ভিন্ন একটি লক্ষ্য তারা হাজির করেছে। এখানে সমস্যা আর সমাধান একসঙ্গে মিলে খবর তৈরি করে। এই দৃষ্টিভঙ্গি ও মান বজায় রেখে সমাধানভিত্তিক খবর পাঠকের উত্সাহ আরও বাড়িয়ে দেবে। এ আন্দোলন বাড়িয়ে তোলার একটি অংশ হিসেবে আশা ও বদলে দেওয়ার এই খবরগুলো কাজ করবে।
ইমপ্যাক্ট জার্নালিজম ডে মাত্রই শুরু হয়েছে। প্রতিবার দেখা যাচ্ছে, সংবাদপত্রের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। সমাধানভিত্তিক খবরে নিজেদের দায়বদ্ধতা প্রকাশে সংবাদকক্ষের কর্মীরা ব্যাকুল। শুরুতে কোনো কোনো সাংবাদিক ভেবেছিলেন, এ ধরনের খবর হবে খুবই সাদাসিধা বা সাধারণ মানের। কিন্তু এখন তাঁরা এ ব্যাপারে খুবই আগ্রহী। তাঁদের প্রতিদিনের কাজেই যুক্ত হচ্ছে এই দর্শন। তাঁরা এ নীতিতে উজ্জীবিত এবং তাঁরা দেখছেন, বাস্তবে এ ধরনের খবরের যথেষ্ট প্রভাব আছে।
মানুষ যখন প্রকৃত সমাধানের কথাটা জানবে, তখন ফল হবে অসাধারণ। সমস্যা সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন পাঠকেরা। খুঁজে পাবেন এর সঙ্গে যুক্ত হওয়ার তাত্পর্য। ওই আশাটা বিশ্বাস করাতে শেখাবে যে তাঁরাও হতে পারেন বদলের অন্যতম হাতিয়ার।
প্রতিটি পাঠকই পারেন এবং তাঁরা ভিন্ন কিছু করেনও। গত বছরের লেখাগুলো সচেতনতা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, বিনিয়োগ ও অর্থসাহায্য বাড়িয়েছে। এমনকি নতুন নতুন দেশে সাড়া ফেলেছে; এসব কার্যক্রমের মাধ্যমে এ প্রকল্প এগিয়ে নিতে সহায়তা করেছে।
এবার আপনার পালা এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার! এ ধরনের সংবাদ পাঠিয়ে সংবাদমাধ্যমকে তুলে ধরুন। ইমপ্যাক্ট জার্নালিজম ডে সম্পর্কে আপনার বন্ধু ও পরিবারকে বলুন। আপনার শিশু বা সহকর্মীর জন্য একটি অতিরিক্ত কপি কিনুন। ওয়েবসাইটে লেখাগুলো শেয়ার করুন। টুইটার ও ফেসবুকে আলোচনা করুন।
প্রথম আলোর এই ক্রোড়পত্রটির সঙ্গে নিজের সেলফি তুলে আমাদের সেলফি প্রতিযোগিতায় অংশ নিন। এতে অংশ নেওয়া যাবে টুইটারের মাধ্যমে। ছবিটি টুইটারে দেওয়ার সময় #ImpactJournalism ও #ProthomAlo যোগ করুন। আমাদের প্রতিষ্ঠাতা সদস্য AXA-এর ফেসবুক পাতার মাধ্যমেও আপনি এতে যোগ দিতে পারেন (facebook.com/AXAPeopleProtectors)।
আবিষ্কর্তা ও উদ্যোক্তাদের সহায়তা করতে তাঁদের সঙ্গে ভাবনাচিন্তা করার অধিবেশনে যোগ দিতে পারেন (beta.makesense.org/ijd)। আগামী বছর ইমপ্যাক্ট জার্নালিজম ডের জন্য বিবেচনা করা হতে পারে আপনাদের প্রস্তাবগুলো।
উপভোগ করুন আজকের এই সংখ্যা!
খ্রিস্তিয়ঁ দো বোয়ারেদোঁ
প্রতিষ্ঠাতা, স্পার্কনিউজ ও ইমপ্যাক্ট জার্নালিজম ডে
লেখাগুলো অনুবাদ করেছেন: পল্লব মোহাইমেন, ফারুক ওয়াসিফ, প্রতীক বর্ধন, মিজান মল্লিক, মাহফুজ রহমান ও রানা আব্বাস