চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির ওপর মাঠ দিবস পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকার এ মাঠ দিবস পালিত হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রত্না বিশ্বাসের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, নাছির উদ্দিন, দুলন কৃষ্ণ নাথ, টিটু দাশ ও স্থানীয় কৃষক সন্তোষ মহাজন।
বক্তারা বলেন, কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি কাজে যন্ত্রপাতি ব্যবহারের ফলে কম সময় ও কম খরচে ফসল উৎপাদন করা যাচ্ছে এবং ফলনও বাড়ছে। কৃষকেরা ব্যক্তিগতভাবে বা সমিতির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করে চাষ করলে ফলন আরও বাড়বে বলে মন্তব্য করেন তাঁরা।