জেনে নিন

স্টেক বানাতে

.
গরুর মাংসের স্টেক বিভিন্ন দেশেই একটি জনপ্রিয় খাবার। বাংলাদেশেও বিভিন্ন রেস্তোরাঁয় স্টেক তৈরি হয়। সাধারণত গরুর তিনটি অংশের মাংস দিয়ে বাংলাদেশে স্টেক তৈরি করতে দেখা যায়। এর মধ্যে আছে টি-বোন, সারলইন ও রিব-আই স্টেক। ঘরেও তৈরি করতে পারেন এ খাবারটি। এর জন্য মাংস কাটা থেকে শুরু করে রান্না—পুরো প্রক্রিয়া সঠিকভাবে জানা থাকা চাই। রেয়ার, মিডিয়াম ও ওয়েল ডান—এই তিন ধরনের স্টেক তৈরি হয়। রাজধানীর গুলশানের দ্য মিরাজ রেস্তোরাঁর শেফরা জানাচ্ছেন স্টেক তৈরির কৌশল।

রেয়ার টি-বোন স্টেক

ইংরেজি ‘টি’ (T) আকারের হাড়ের সঙ্গে থাকা মাংস দিয়ে এই স্টেক তৈরি হয়। প্রথমত একটা ধারালো ছুরি দিয়ে দেড় ইঞ্চি পুরু করে মাংস কেটে নিন।

এবার হাড় কাটার জন্য ব্যবহার করুন করাত। দোকানে মাংসের হাড় কাটা করাত আলাদা কিনতে পাওয়া যায়। এ ছাড়া চাপাতি দিয়েও হাড় কাটা যায়।

মাংস কাটার পর ধোয়া লাগবে না। এবার একটি পরিষ্কার পাত্রে লবণ, জলপাই তেল, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, সস ইত্যাদি উপকরণ দিয়ে মেরিনেট করুন।

ম্যারিনেট করা হলে ওপরে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ঘরের তাপমাত্রায় ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।

এবার গ্রিলার বা নন স্টিক ফ্রাইপ্যানে জলপাই তেল দিয়ে (সয়াবিন তেলেও রান্না করা যাবে) মেরিনেট করা মাংস দিয়ে ২ থেকে আড়াই মিনিট ঢেকে রাখুন। উল্টে নিয়ে আবার দুই থেকে আড়াই মিনিট রাখুন। নামানোর আগে একটা ছুরি দিয়ে অল্প কেটে দেখুন ভেতরটা কম রান্না বা লালচে থাকতেই নামিয়ে নিতে হবে।

এবার শিকের চুলা গরম করে স্টেক রেখে চাপ দিয়ে দাগ ফেলে নিন। ঘরে সহজে করতে একটা শিক গরম করে স্টেকের ওপর দাগ ফেলুন।

তৈরি হয়ে গেল রেয়ার টি-বোন স্টেক। 

মিডিয়াম সারলইন স্টেক

যাঁরা চর্বি পছন্দ করেন, তাঁদের কাছে সারলইনের স্টেক বেশি জনপ্রিয়। টি-বোনের আশপাশের মাংস দিয়েই তৈরি হয় সারলইন স্টেক। আগের স্টেকটা রেয়ার করার কারণে সারলইন স্টেকটা মিডিয়াম রান্না দেখানো হলো।

২০০ থেকে ২৫০ গ্রাম ওজনে দেড় ইঞ্চি পুরু করে ধারালো ছুরি দিয়ে লম্বা করে কেটে নিন। মেরিনেট থেকে রান্নার আগ পর্যন্ত একই নিয়মে রাখতে হবে।

এবার তেল গরম হলে গ্রিলারে দিয়ে তিন মিনিট করে দুই পাশ ভেজে নিন। ভাজার সময় ঢেকে রাখুন।

নামিয়ে গরম শিক দিয়ে এভাবে দাগ কেটে নিন।

ওয়েল ডান রিব-আই স্টেক

গরুর পাঁজরের মাংস দিয়ে তৈরি হয় রিব-আই স্টেক। ওয়েল ডান হিসেবে রান্না করা হলো এই স্টেকটি

প্রথমে লম্বা করে সারলইন স্টেকের মতো ধারালো ছুরি দিয়ে কেটে নিন। মেরিনেট থেকে রান্নার আগ পর্যন্ত একই নিয়মে রেখে দিন।

কড়াইয়ে তেল দিয়ে ওয়েল ডানের জন্য চার মিনিট করে প্রতি পাশ ভেজে নিন।

এবার তৈরি ওয়েল ডান রিব-আই স্টেক।