পটিয়ায় সবার পরিচিত মুখ তরুণ হকার নেতা আসহাব উদ্দিন। সকাল হলেই পত্রিকা নিয়ে ছোটেন মানুষের বাড়ি বাড়ি। এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। গত একমাস ভীষণ ব্যস্ত সময় কেটেছে তাঁর। দুপুর পর্যন্ত পত্রিকা বিক্রি করে আবার বাড়ি ফিরে নির্বাচনী গণসংযোগে নেমে পড়তেন। এ পরিশ্রমের সুফল মিলেছে অবশেষে। নির্বাচনে আসহাব উদ্দিন পেয়েছেন ৬৯৬ ভোট। সদাবিনয়ী মানুষটি ভোটের পরদিন সকালেও যথারীতি পত্রিকা বিক্রি করেছেন। এলাকার মানুষ কোনো কাজে তাঁকে যখন ডাকতেন তখনই কাছে পেতেন তাঁকে। এ কারণে এলাকার জনগণ তাঁকে নির্বাচিত করেছেন বলে মন্তব্য করেছেন আহসাব উদ্দিন।