সম্মিলিত আবৃত্তি জোটের সম্মেলন

'আবৃত্তিশিল্পীরা কবিতার মধ্য দিয়ে মানুষকে জাগিয়ে তুলেছেন'

ভাষা গবেষক ও প্রাবন্ধিক মাহবুবুল হক বলেন, ‘বাচিক শিল্পের মধ্যে আবৃত্তি আজ দাপটের সঙ্গে এগিয়ে চলেছে। আমাদের ভাষা ও স্বাধীনতার যুদ্ধ এবং প্রতিটি গণজাগরণেও আবৃত্তিশিল্পীরা কবিতার মধ্য দিয়ে মানুষকে জাগিয়ে তুলেছেন।’
সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল হক এ কথা বলেন। ৫ মার্চ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জোটের সভাপতি রণজিৎ রক্ষিত। সাধারণ সম্পাদক ফারুক তাহেরের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য স্বর্ণময় চক্রবর্তী, জোটের সহসভাপতি অঞ্চল চৌধুরী প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শুরুর আগে শিল্পকলা একাডেমি থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। জোটভুক্ত সংগঠনের দুই শতাধিক আবৃত্তি কর্মীর অংশগ্রহণে উৎসবমুখর শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী। রণজিৎ রক্ষিতের সভাপতিত্বে অধিবেশনে অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন মো. মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন দেন ফারুক তাহের।
দ্বিতীয় অধিবেশনে দুই বছরের (২০১৬-১৮) জন্য অঞ্চল চৌধুরীকে সভাপতি ও ফারুক তাহেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রধান উপদেষ্টা হন রণজিৎ রক্ষিত।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মিলি চৌধুরী, হাসান জাহাঙ্গীর ও প্রণব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মছরুর হোসেন ও দেবাশীষ রুদ্র, সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক কণা দাশ, অনুষ্ঠান সম্পাদক আসাদ উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ উদ্দীন মোহাম্মদ এবং তথ্য ও দপ্তর সম্পাদক শাহরীয়ার তানজিম ও নির্বাহী সদস্য বনকুসুম বড়ুয়া।